ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, আমরা যা-ই স্বপ্নে দেখি না কেন, সেগুলি আমাদের জীবনে কোনও না কোনও বার্তা বহন করে আনে। সেই বার্তা শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে। শাস্ত্র অনুসারে, এই স্বপ্ন দেখার নেপথ্যে রয়েছে নানা কারণ। হিন্দু ধর্মমত অনুযায়ী, শিশুদের ঈশ্বরের রূপ হিসাবে গণ্য করা হয়। তাই স্বপ্নে বার বার শিশুকে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করতে দেখার বিশেষ অর্থ রয়েছে। স্বপ্নে বার বার শিশুদের দেখা যে ইঙ্গিত বহন করে সেই প্রসঙ্গে নীচে আলোচনা করা হল—
স্বপ্নে নবজাতককে দেখা
স্বপ্নে নবজাতককে দেখা অত্যন্ত শুভ এবং ইতিবাচক লক্ষণ। নবজাতককে স্বপ্নে দেখার অর্থ হল, আপনার জীবনে কোনও নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন চাকরি, ব্যবসায়িক সাফল্য বা কোনও সৃজনশীল কাজের সূচনা হতে পারে।
শিশুদের কাঁদতে দেখা
শিশুকে কাঁদতে দেখার স্বপ্ন দেখলে তা আসন্ন কোনও আর্থিক টানাপড়েন বা ব্যবসায়িক ক্ষতির পূর্বাভাস হতে পারে। এই স্বপ্ন আগামী দিনে সাবধানে পা ফেলার এবং বড় কোনও বিনিয়োগের আগে ভেবে দেখার ইঙ্গিত দেয়। সেই ক্রন্দনরত শিশুকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার স্বপ্ন দেখলে তা অপূর্ণ ইচ্ছার ইঙ্গিত বহন করে। এই স্বপ্নের অর্থ হতে পারে, আপনার মনের কোনও ইচ্ছা এখনও পূরণ হয়নি।
শিশুকে দুধ খাওয়ানো
কোনও শিশুকে দুধ খাওয়ানোর স্বপ্ন দেখলে তা ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই স্বপ্নের অর্থ হল, আপনি বাস্তবে কোনও নতুন দায়িত্ব পেতে চলেছেন। দীর্ঘ দিনের কঠোর পরিশ্রমের ফল হাতেনাতে পেতে চলেছেন আপনি। জীবনে দীর্ঘমেয়াদি সুখ এবং আর্থিক স্থায়িত্বের ইঙ্গিত বহন করে নিয়ে আসে এই স্বপ্ন।
শিশুর সঙ্গে খেলা করা
স্বপ্নে যদি কোনও শিশুর সঙ্গে নিজেকে খেলাধুলা করতে অথবা কথা বলতে দেখেন তবে তা অত্যন্ত শুভ। এই স্বপ্ন নির্দেশ করে যে, আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে নতুন কোনও উদ্ভাবনী কাজ করার সময় এসেছে। পারিবারিক জীবনে সুখ ও ভালবাসা বৃদ্ধি পাবে। প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে।