—প্রতীকী ছবি।
স্বপ্ন যেমনই হোক, তার রয়েছে বিভিন্ন অর্থ। যে স্বপ্ন আমাদের কাছে অর্থহীন, আদতে সেই স্বপ্নের নেপথ্যে রয়েছে কোনও বিশেষ কারণ। সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। তবে শাস্ত্রে এ বিষয়ে নানা ব্যাখ্যা রয়েছে। স্বপ্নের যেমন খারাপ অর্থ রয়েছে, তেমনই রয়েছে নানা ভাল বিশ্লেষণ। যে স্বপ্ন দেখে আমরা ভয় পাই, সেই স্বপ্নই হয়তো আমাদের জন্য কোনও ভাল বার্তা নিয়ে আসে। আবার যে স্বপ্ন শান্তি দেয়, সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে কোনও ভয়াল নির্দেশ। কিছু ভাল বার্তা বহনকারী স্বপ্নের কথা জেনে নিন।
সূর্য: জ্যোর্তিবিজ্ঞানে সূর্য শুধুমাত্র একটি নক্ষত্র হলেও, হিন্দু ধর্মে সূর্যকে আমরা দেবতা হিসাবে পুজো করি। স্বপ্নে সূর্যের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ, এত দিন ধরে আপনি যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পরিশ্রম করে চলেছেন, সেটি শীঘ্রই পূরণ হতে চলেছে। তবে পরিশ্রম বজায় রাখতে হবে।
বৃষ্টি: স্বপ্নে বৃষ্টি হতে দেখাও শুভ লক্ষণ বলে মনে করা হয়। বৃষ্টির স্বপ্ন দেখলে বুঝবেন এমন কোনও সুযোগ আসতে চলেছে যা আপনাকে উন্নতির দিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
সাপ ধরতে দেখা: বাস্তবে সাপকে ভয় পান কিন্তু স্বপ্নে নিজেকে সাপ ধরতে দেখছেন? এই স্বপ্ন অদ্ভুত হলেও শুভ। সাপ ধরতে দেখার স্বপ্ন অর্থাগমের ইঙ্গিত দেয়। অর্থ সংক্রান্ত যে সকল সমস্যা এত দিন ধরে চলে আসছে, নিকট ভবিষ্যতে তার অবসান ঘটতে পারে।
বিয়ে সম্পর্কিত জিনিস: স্বপ্নে বিয়ে সম্পর্কিত কোনও জিনিস, যেমন- জল সইতে যেতে দেখা, কনে দেখার অর্থও শুভ। এই স্বপ্ন সমাজে আপনার নামডাক বৃদ্ধির ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখলে বুঝবেন, আপনার কোনও কাজের জন্য পরিচিতি বৃদ্ধি পেতে চলেছে, যা আপনাকে সমাজের চোখে অনেকটা বড় করে দেবে। এই স্বপ্ন আগত সুসংবাদেরও ইঙ্গিত দেয়।