ছবি: এআই সহায়তায় তৈরি।
পুজোর ক্ষেত্রে ফুলের ব্যবহার গুরুত্বপূর্ণ। ফুল ব্যতীত হিন্দু দেব-দেবীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে যে কোনও হিন্দু দেবতার পুজোয় ফুল ব্যবহার করা হয়। ফুল কী ভাবে দেওয়া উচিত সে বিষয়ে নানা টোটকার কথা শাস্ত্রে রয়েছে। কোন ঠাকুরের কী ফুল পছন্দ, সেই বিষয়েও শাস্ত্রে বিভিন্ন মতামতের উল্লেখ আছে। দেবতাদের পছন্দ অনুযায়ী ফুল দিয়ে পুজো করলে শুভ ফলপ্রাপ্তি হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন দেবতা কী ফুল পছন্দ করেন। সে সম্বন্ধে জ্যোতিষীর থেকে জেনে নিন।
কোন দেবতার কী ফুল পছন্দ?
কার্তিক: কার্তিকের পছন্দের ফুল চাঁপা। তাঁর পুজোয় এই ফুল অবশ্যই ব্যবহার করতে হবে।
গণেশ: গাঁদা গণেশের প্রিয় ফুল। প্রতি বুধবার গাঁদাফুল দিয়ে গণেশের পুজো করলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়।
বিষ্ণু: শ্রীবিষ্ণুর পছন্দের ফুল পদ্ম। প্রতি শুক্রবার পদ্মফুল সহযোগে শ্রীবিষ্ণুর আরাধনা করলে দারুণ ফলপ্রাপ্তি হয়।
শ্রীকৃষ্ণ: কদমফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। গোপালকেও এই ফুল দেওয়া যেতে পারে। বহু কৃষ্ণভক্তই এ বিষয়ে জানেন না। কদমফুল যে সময় বাজারে পাওয়া যায়, তখন শ্রীকৃষ্ণ বা গোপালের নিত্যপুজোয় কদমফুল ব্যবহার করলে দারুণ ফলপ্রাপ্তি হবে।
রামচন্দ্র: গাঁদাফুল রামচন্দ্রেরও অত্যন্ত প্রিয়। তাঁর পুজোয় গাঁদাফুল অবশ্যই ব্যবহার করতে হবে।
হনুমান: বজরংবলীর প্রিয় ফুল লাল জবা। প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার লাল জবাফুল সহযোগে হনুমানজির পুজো করলে দারুণ ফলপ্রাপ্তি হয়। শনির রোষ থেকেও মুক্তি মেলে।
শনিদেব: নীলকণ্ঠ ফুল শনিদেবের অত্যন্ত প্রিয়। প্রতি শনিবার এই ফুল দিয়ে শনিদেবের পুজো করলে তাঁর রোষ থেকে মুক্তি মেলে।