—প্রতীকী চিত্র।
আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মুর একটি জুভেনাইল হোম থেকে দুই পাকিস্তানি নাগরিক-সহ মোট তিন জন পলাতক। পালানোর আগে তারা পুলিশের উপর হামলাও চালায় বলে অভিযোগ। এই ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সোমবার বিকেল সওয়া ৫টা নাগাদ জম্মুর আরএস পুরায় ঘটেছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আরএস পুরার জুভেনাইল হোমের কর্তব্যরত দুই পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে মোট তিন জন সেখান থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে মহম্মদ সুনা উল্লাহ ও আহসান আনোয়ার পাকিস্তানের নাগরিক। তৃতীয় জন জম্মুর আরএস পুরার ডাবলেহারের বাসিন্দা করজিৎ সিংহ ওরফে গুগ্গা।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পালতকদের ধরতে তল্লাশি অভিযানের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।