—প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ রুখতে ও সন্ত্রাস দমনে জম্মু-কাশ্মীর পুলিশের চারশোরও বেশি ‘স্পেশাল অপারেশনস গ্রুপ’ (এসওজি) পার্সোনেল নিয়োগ করা হল ভূস্বর্গে। এরা ঘন জঙ্গল থেকে বরফে ঢাকা পার্বত্য এলাকা, দুর্গম উপত্যকায় পাহারা দিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
গরমে কাশ্মীর উপত্যকা জুড়ে অনুপ্রবেশের ঘটনা বাড়ে। গত বছর এপ্রিলে কাশ্মীরের পহেলগামে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এ বারেও গোয়েন্দার সূত্রে সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধির খবর রয়েছে। এর পরেই সীমান্তরক্ষী বাহিনীর সাতটি অতিরিক্ত ব্যাটালিয়ন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেনা সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের জম্মু পাঠানোর জন্য তৈরি করছে। ইতিমধ্যেই সীমান্তের কাছে ‘লঞ্চ প্যাড’-এ অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছে তাদের একাংশ। এক সেনা আধিকারিক বলেন, ‘‘অনুপ্রবেশ শূন্য করতে ধাপে ধাপে আরও বিএসএফ ব্যাটালিয়ন নিয়োগ করা হবে। সেনার কিছু ইউনিটকে নিয়োগ করা হয়েছে।’’
জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছে পুলিশ ও আধাসেনা। গত মাসে কিশতওয়ারে বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জইশ জঙ্গি নিহত হন। ডোডা, কিশতওয়ার, উধমপুর, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চে পাকিস্তান থেকে জঙ্গি ঢুকেছে বলে খবর রয়েছে। জঙ্গলে ঘেরা এলাকায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে বলে রিপোর্ট রয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে