Delhi International Airport Mishap

দিল্লি বিমানবন্দরের রানওয়েতে সংঘর্ষ দুই বিমানের! নিরাপদে বিমানকর্মী এবং যাত্রীরা, কারণ জানতে তদন্ত শুরু

দুপুর ২:১৫টার সময় একটি স্পাইসজেট বিমান ট্যাক্সিং করার সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাসা বিমানকে ধাক্কা মারে। এর ফলে দু’টি বিমানেরই ক্ষতি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৪
Share:

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান। ছবি: সংগৃহীত।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের (ওড়ার আগে বা নামার পরে মাটির উপর দিয়ে ধীরে ধীরে চলাচল করা) সময় আকাশ এয়ার এবং স্পাইসজেটের দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল বৃহস্পতিবার দুপুরে। এতে উভয় বিমানের ডানার ক্ষতি হলেও কোনও যাত্রী আহত হননি।

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, দুপুর ২:১৫টার সময় একটি স্পাইসজেট বিমান ট্যাক্সিং করার সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের বিমানকে ধাক্কা মারে। এর ফলে দু’টি বিমানেরই ক্ষতি হয়েছে। স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বাঁ দিকের লেজ (হরাইজ়ন্টাল স্টেবিলাইজ়ার) ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর দু’টি বিমানকেই পরীক্ষার জন্য গ্রাউন্ডেড (উড়ান স্থগিত) করা হয়েছে। সূত্রের খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, লাদাখের লেহ্‌ থেকে অবতরণের পরে স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি ধীরে ধীরে টারম্যাকের দিকে এগোচ্ছিল। অন্য দিকে, টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে এসে হায়দরাবাদের উদ্দেশে টেক অফের জন্য প্রস্তুত হচ্ছিল। স্পাইসজেট কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা জানিয়ে বলেছেন, ‘‘সমস্ত যাত্রী এবং বিমানকর্মী নিরাপদে রয়েছেন। অন্য দিকে, আকাশ এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের গ্রাউন্ড টিমগুলি দ্রুত আমাদের যাত্রীদের হায়দরাবাদে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement