WB Assembly Elections 2026

তিন নারী হাতে তরবারি! ‘দুর্গা’র চালে ‘লক্ষ্মী’কে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় নির্মলা-স্মৃতি! নির্বাচনী বিধির পাল্টা প্রশ্ন তুললেন মমতা

বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলি কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:১৬
Share:

(বাঁদিক থেকে) স্মৃতি ইরানি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মলা সীতারমণ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পোশাকি নাম ‘মাতৃশক্তি ভরসা কার্ড’। আদতে বিজেপির নির্বাচনী ইস্তাহারে মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতি পালনের ‘প্রতীকী নথি’। বুধবার দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রীদের সঙ্গে নিয়ে সেই গ্যারান্টি কার্ডের উদ্বোধন করলেন দলের সর্বভারতীয় নেত্রী স্মৃতি ইরানি। প্রায় একই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পূর্ব বর্ধমানের কালনায় কার্ড বিলি কর্মসূচিতে যোগ দিলেন।

Advertisement

বিধানসভা ভোটের আগে এই কার্ড বিলি কর্মসূচি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ইসলামপুরে তৃণমূলের সভায় তাঁর মন্তব্য, ‘‘নির্বাচনের সময় কার্ড বিলি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন।’’ মমতার আবেদন, যাঁরা যাঁরা নির্বাচনের সময় কার্ড বিলি করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন। তাঁর প্রশ্ন, ‘‘এখন কেন কার্ড বিলি হচ্ছে? নির্বাচনের আগে করা যায়নি!’’

কলকাতায় সাংবাদিক বৈঠক এবং ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ উদ্বোধন কর্মসূচিতে স্মৃতি এবং শুভেন্দুর পাশাপাশি হাজির ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। কেয়া ঘোষ, ফাল্গুনী পাত্র এবং শতরূপা। পাঁচ জন মহিলার হাতে ‘মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা গ্যারান্টি’ লেখা প্রতীকী কার্ড তুলে দেন তাঁরা। অন্য দিকে, নির্মলা কালনায় তাঁতিদের (হস্তবয়ন শিল্পী) সম্মলনে ১০ জন মহিলার হাতে প্রতীকী গ্যারান্টি কার্ড তুলে দেন।

Advertisement

এ বারের বিধানসভা ভোটের ইস্তাহারে (যার পোশাকি নাম ‘সংকল্পপত্র’) মহিলাদের জন্য নানা কর্মসূচির ঘোষণা করেছে বিজেপি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা ভাতা, অন্তঃসত্ত্বা মহিলাদের এককালীন ২১ হাজার টাকা অনুদান, সমস্ত সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, ব্যবসার জন্য সহজে ঋণ, উচ্চমাধ্যমিক পাশ করলেই পড়াশোনার জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার মতো প্রতিশ্রুতি রয়েছে তাতে। রয়েছে নারী নিরাপত্তায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গড়ার অঙ্গীকারও।

শুভেন্দু সেই প্রতিশ্রুতিগুলির উল্লেখ করে জানান, বিধানসভা ভোটে বিজেপি জয়ী হলে দ্রুত প্রতিশ্রুতি পালন করা হবে। গ্যারান্টি কার্ড উদ্বোধন-পর্বে স্মৃতির বক্তৃতায় মহিলাদের উন্নয়নের পাশাপাশি সুরক্ষার বিষয়টিও উঠে আসে। রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার প্রতি উদাসীন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘‘কেন্দ্রে নারী ও শিশুকল্যাণমন্ত্রী থাকাকালীন আমি মহিলাদের সুরক্ষার উদ্দেশ্যে ‘ওয়ান স্টপ সেন্টার’ গড়া শুরু করেছিলাম। সারা দেশে প্রায় এক হাজার সেন্টার গড়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে এ রাজ্যে তা করা যায়নি।’’

Advertisement

অন্য দিকে, কালনার সভাতেও রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘‘মানুষ চাইছে পরিবর্তন হোক।’’ বিজেপির রাজ্য হ্যান্ডলুম সেলের উদ্যোগে কালনার কর্মসূচিটি আয়োজিত হয়েছিল। সংগঠনের রাজ্য আহ্বায়ক অনল বিশ্বাস বলেন, ‘‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে গিয়েছেন যে, তাঁতিদের জন্য কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেওয়া হয়নি। তবে বরাদ্দ অর্থ গচ্ছিত রয়েছে। সরকার বদল হলেই তাঁতিদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement