Tamil Nadu Assembly Election 2026

ভারতরত্ন দেওয়া হোক জয়ললিতাকে, তামিলনাড়ুর ভোটের আগে বিজেপির উপর চাপ এনডিএ শরিক এডিএমকের

আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, অসমের সঙ্গেই তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। ওই দু’টি নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতার ঘোষণা করেছে এডিএমকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১
Share:

জয়ারাম জয়ললিতা। —ফাইল চিত্র।

তামিলনাড়ুর বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে নতুন দাবি তুলল বিজেপির সহযোগী দল এডিএমকে। প্রয়াত দলনেত্রী তথা সে রাজ্যের পাঁচ বারের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা হল দলের তরফে।

Advertisement

সোমবার রাজ্যসভায় এডিএমকে সাংসদ এম ধনপাল বলেন, ‘‘আমাদের প্রয়াত নেত্রী ‘জনকল্যাণমূলক প্রকল্পের জননী’। তাঁর আম্মা ক্যান্টিন (কম দামের খাবার), আম্মা ফার্মেসি (সরকারি ভর্তুকিতে চিকিৎসা), শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ, সাইকেল এবং গৃহবধূদের জন্য মিক্সার-গ্রাইন্ডারের গৃহস্থালীর জিনিস বিনামূল্যে বিতরণ দেশে নতুন সামজিক উন্নয়নের ধারার সূচনা করেছিলেন। আমরা চাই তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হোক।’’

আগামী এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, অসমের সঙ্গেই তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। ওই দু’টি নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতার ঘোষণা করেছে এডিএমকে। কিন্তু আসন বণ্টনের রফাসূত্র নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে এডিএমকে প্রধান পলানীস্বামীর টানাপড়েনের ইঙ্গিত প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। পাশাপাশি, জয়ললিতা-ঘনিষ্ঠ প্রাক্তন এডিএমকে নেত্রী শশীকলা নটরাজনের ভাইপো টিটিভি দীনকরণের দল এএমএমকে সম্প্রতি এনডিএ-তে যোগ দেওয়ায় উষ্মা প্রকাশ করেছে এডিএমকের একাংশ। এই পরিস্থতিতে এ বার জয়ললিতার জন্য দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা দাবি করে বিজেপি উপর ‘আম্মা’র দল চাপ বাড়াল বলেই অনেকে মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement