Defamation Case

‘জমি দখলের অভিযোগ অসত্য’! এ বার গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন হিমন্ত

গত সপ্তাহে কংগ্রেস সাংসদ গগৈ সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, একটি তদন্তে দেখা গিয়েছে, অসম জুড়ে প্রায় ১২ হাজার বিঘা জমি হিমন্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা দখল করে রেখেছেন! সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫
Share:

(বাঁ দিকে) গৌরব গগৈ এবং হিমন্ত বিশ্বশর্মা (ডান দিকে)। — ফাইল চিত্র।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বনাম কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দ্বৈরথ অব্যাহত। এ বার গৌরবের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী। শুধু একা গৌরব নন, জিতেন্দ্র সিংহ এবং ভূপেশ বঘেল— এই দুই প্রবীণ কংগ্রেস নেতার বিরুদ্ধে একই মামলা করেছেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিরুদ্ধে অসত্য, খারাপ এবং মানহানিকর অভিযোগ করেছেন গৌরবেরা।

Advertisement

গত সপ্তাহে কংগ্রেস সাংসদ সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, একটি তদন্তে দেখা গিয়েছে অসম জুড়ে প্রায় ১২ হাজার বিঘা জমি হিমন্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা দখল করে রেখেছেন! সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টা পরেই হিমন্ত দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই এই সব অভিযোগ করা হয়েছে। তখনই মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন হিমন্ত। তিনি সেই সময় এ-ও জানিয়েছিলেন, তিনি ‘গান্ধী পরিবারের দাসদের’ প্রচার, রাজনৈতিক নাটকে ‘ভয় পান না’।

মঙ্গলবার মানহানি মামলা দায়েরের পর এক্স হ্যান্ডলে পোস্ট করে বিষয়টা জানিয়েছেন হিমন্ত। তিনি লেখেন, ‘‘আমি কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংহ, ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈয়ের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা দায়ের করেছি। কারণ, তাঁরা সাংবাদিক বৈঠকে আমার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর অভিযোগ করেছেন।’’

Advertisement

গৌরব এবং হিমন্তের মধ্যে বিগত কয়েক দিন ধরে চাপানউতর চলছে। রবিবার সাংবাদিক বৈঠক করে অসমের মুখ্যমন্ত্রী গৌরব এবং তাঁর স্ত্রী এলিজাবেথ কলবার্নের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন। এ নিয়ে বিশেষ তদন্তকারী সংস্থার (সিট) রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলেও জানান হিমন্ত। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চান। যদিও হিমন্তের সেই দাবি উড়িয়ে দেন গৌরব। হিমন্তের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁদের দুই শিশুর ছবি ও সমস্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ করে শিশু সুরক্ষা ও অধিকার সংক্রান্ত আইন ভেঙেছেন, তাই তিনি এ নিয়ে সংশ্লিষ্ট আইনের আওতায় আদালতের দ্বারস্থ হবেন। সেই আবহে এ বার মানহানি মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement