রাহুল গান্ধী। — ফাইল চিত্র।
রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে আজ ফের সরব হল বিজেপি। ঘোষিত সফরগুলির পাশাপাশি রাহুল অঘোষিত ভাবে যে সব দেশে গিয়েছিলেন, সেই সফরের টাকা জোগানোর পিছনে কে বা কারা ছিলেন, কেন তিনি সরকারি নিরাপত্তা নেননি, তা নিয়ে রাহুলকে প্রকাশ্যে মুখ খোলার দাবি জানাল বিজেপি।
দেশবাসীকে কৃচ্ছ্রসাধন করতে বলে তার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী তথা কংগ্রেস নেতৃত্ব। তার পর থেকে আজ টানা তিন দিন রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। আজ দলের এক্স হ্যান্ডল থেকে প্রশ্ন রাখা হয়, গত ২২ বছরে রাহুলের বিদেশ সফরে যা খরচ হয়েছে, তা তাঁর ঘোষিত আয়ের থেকে অনেক বেশি। সেই টাকা কোথা থেকে এল? দলের বক্তব্য, গত ২২ বছরে রাহুলের ৫৪টি ঘোষিত বিদেশ সফরের কথা জানা রয়েছে। যার মধ্যে রয়েছে ইটালি, জার্মানি, আমেরিকা, কাতার, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশ। তেমনি তিনি ওমান গিয়েছিলেন, সেটি অঘোষিত ছিল।
বিজেপির দাবি, রাহুলের সফরের পিছনে মোট ৬০ কোটি খরচ হয়েছে। অথচ গত এক দশকে রাহুলের ঘোষিত আয় হল ১১ কোটি টাকা। ২০১৫ সালে রাহুলের দক্ষিণ এশিয়া সফরেই খরচ হয়েছিল ৪.৫ কোটি টাকা। যা রাহুলের সেই বছরের আয়ের প্রায় পাঁচ গুণ বেশি। বিজেপির প্রশ্ন, রাহুলের ভ্রমণের টাকা কে জুগিয়েছিল? যদি কোনও বিদেশি সংস্থা বা ব্যক্তি স্পর্শকাতর সময়ে বিরোধী দলনেতার সফরের টাকা জুগিয়ে থাকেন, তা হলে তা বিদেশি অনুদান আইন মেনে হয়েছে কি না, খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি রাহুলের আয়কর সংক্রান্ত ঘোষণায় কেন বিদেশ ভ্রমণে খরচের উল্লেখ নেই, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। ওমান সফরে কেন সরকারি নিরাপত্তারক্ষীরা সঙ্গে ছিলেন না, তা নিয়েও বিরোধী দলনেতার ব্যাখ্যা দাবি করা হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে