Yogi Adityanath

উত্তরপ্রদেশের ভোটে যোগীই মুখ, বৈঠক শাহের সঙ্গে

অতীতে প্রতিষ্ঠান বিরোধিতার হাত থেকে বাঁচতে ভোটের আগে মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৯:০৯
Share:

যোগী আদিত্যনাথ। — ফাইল চিত্র।

বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে ফল খারাপ হওয়ায় ওই রাজ্যে ক্ষমতা ধরে রাখা এখন বিজেপির মূল চ্যালেঞ্জ। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সামনে রেখেই ওই লড়াইতে নামতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভবিষ্যতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কাদের মাধ্যমে সমন্বয়ের কাজ করা হবে, সেই নাম নিয়েও আজ দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন যোগী।

অতীতে প্রতিষ্ঠান বিরোধিতার হাত থেকে বাঁচতে ভোটের আগে মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরাখণ্ডের মতো রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। তার সুফল পাওয়া গিয়েছিল। প্রশ্ন ছিল, উত্তরপ্রদেশেও সেই নীতি মানা হবে কি না। কারণ, যোগীর গত ন’বছরের শাসনে রাজ্যের বড় অংশের মানুষ যে ক্ষুব্ধ, তা স্পষ্ট হয়ে গিয়েছিল গত লোকসভা নির্বাচনেই। মূলত দলিত ও পিছিয়ে থাকা সমাজের বড় অংশ বিজেপির পরিবর্তে সমাজবাদী পার্টিকে সে বার বিকল্প হিসেবে বেছে নিয়েছিলেন। নিম্নবর্ণের সেই ক্ষোভ ক্রমশ ছুঁয়েছে উচ্চবর্ণকেও। এমনকি শাসক দলের ব্রাহ্মণ ও রাজপুত সমাজ প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন যোগীর সরকারের বিরুদ্ধে। বিরোধী হাওয়া তীব্র, তবু এই আবহেও দল কিন্তু ভরসা রাখছে যোগীর উপরে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতে, আপাতত যোগীকে সরানোর কোনও কারণ নেই। তাঁকেই সামনে রেখে দল নির্বাচনে যাবে।

গত সপ্তাহে উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সম্প্রসারণ করেন যোগী। যদিও এখনও নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়নি। সূত্রের মতে, জাতপাত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কাকে কোন দফতর দেওয়া যায়, তা নিয়েও আজ শাহের সঙ্গে আলোচনা করেন যোগী। পাশাপাশি, নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয়ের প্রশ্নে কোন নেতারা অগ্রণী ভূমিকা নেবেন, তা নিয়েও আজ আলোচনা হয়েছে। সূত্রের মতে, খুব দ্রুত দল থেকে মন্ত্রিসভায় ও মন্ত্রিসভা থেকে দলে কিছু নেতার স্থান পরিবর্তন হতে চলেছে। তা নিয়েও আজ কথা হয়েছে দুই নেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন