Abhishek Banerjee

অভিষেকের ‘শান্তিনিকেতনে’ আগন্তুকের হামলা! বাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালীঘাটে?

তৃণমূল সাংসদের পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিষেকের পরিবার যেখানে থাকেন অর্থাৎ শান্তিনিকেতনের সামনে সকালের দিকে সবুজ জামা পরা এক আগন্তুককে বাইকে করে আসতে দেখা যায়। অভিষেকের বাড়ির সামনে ওই ব্যক্তি বাইক থামিয়ে বার দুয়েক ওই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০১:৩৮
Share:

(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ হামলা মুহূর্তের দৃশ্য (ডান দিকে)। ছবি: ফাইল চিত্র ও এক্স থেকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ হামলা! অভিযোগ, মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাইকে করে ওই বাসভবনের সামনে আসেন। তার পর ওই বাড়ি লক্ষ্য করে বার দুয়েক ইট ছোড়েন। এই হামলায় অভিষেকের বাড়ির দোতলার একটি ঘরের জানলার কাচ ভেঙে যায় বলে অভিযোগ। গোটা ঘটনার কথা অভিষেক তাঁর এক্স হ্যান্ডলে জানান। ঘটনার সিসিটিভি ফুটেজও পোস্ট করেন অভিষেক। পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, “বাংলাকে যে অবস্থায় নামিয়ে আনা হচ্ছে, তা দেখে আমি স্তব্ধ, মর্মাহত এবং গভীর ভাবে উদ্বিগ্ন।”

Advertisement

তৃণমূল সাংসদের পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিষেকের পরিবার যেখানে থাকেন অর্থাৎ শান্তিনিকেতনের সামনে সকালের দিকে সবুজ জামা পরা এক আগন্তুককে বাইকে করে আসতে দেখা যায়। অভিষেকের বাড়ির সামনে ওই ব্যক্তি বাইক থামিয়ে বার দুয়েক ওই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। তার পর বাইক চালিয়ে চলে যান। এর পরেই বাড়ির গেট খুলে দু’জন নিরাপত্তাকর্মীকে বাইরে আসতে দেখা যায়। যদিও তত ক্ষণে ওই ব্যক্তি সেখান থেকে চম্পট দেন।

অভিষেক তাঁর এক্স হ্যান্ডলে ঘটনার বিবরণ দিয়ে লেখেন, “আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার পরিবারের বাসভবনের বাইরে আসে। নিজের বাইকটি থামায় এবং বারবার আমার বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এর ফলে প্রথম তলার জানলার কাচগুলো ভেঙে যায়। এটি শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি নয়। এটি একটি প্রাতিষ্ঠানিক হিংসা। যা খুবই বিপজ্জনক।” তাঁর প্রশ্ন, “পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী হামলা চালানোর সাহস পেল এবং কোনও রকম শাস্তি না পেয়েই কী ভাবে পার পেয়ে গেল?”

Advertisement

গত সোমবার বিধানসভায় গুন্ডাদমন এবং জনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত জোড়া বিল পাশ করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘গুন্ডামুক্ত বাংলা’ গড়ার বার্তা দেন। এর পরেই অভিষেকের পরিবারের বাসভবনে হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। তিনি লেখেন, “বিজেপির গুন্ডারাজের অধীনে বাংলা হিংসার সম্পূর্ণ ও স্বাভাবিক রূপ প্রত্যক্ষ করছে। এটাই আজকের বাংলার এক ভয়াবহ বাস্তবতা। এমন একটি শাসনব্যবস্থা যা হিংসাকে স্বাভাবিক করে তুলেছে, গুন্ডাদের ক্ষমতা দিয়েছে। এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ব্যক্তিরা আত্মবিশ্বাসের সঙ্গে অপরাধমূলক কাজ করছে। কারণ তারা বিশ্বাস করে যে রাজ্য তাদের রক্ষা করবে।” অভিষেকের আরও প্রশ্ন, “সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬ কি বিজেপি সমর্থিত অপরাধীদের ক্ষেত্রেও সমান ভাবে কার্যকরী?”

অভিষেকের কালীঘাটের বাড়ির মূল ফটকের গ্রিলগুলিতে মেটাল শিট দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। —নিজস্ব চিত্র।

অন্য দিকে, বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে অভিষেকের কালীঘাটের বাড়ির মূল ফটকের গ্রিলগুলিতে মেটাল শিট দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। এর ফলে গেটের বাইরে থেকে আর ভিতরটা দেখা যাবে না। যদিও শান্তিনিকেতনের বাড়িতে হামলার ঘটনার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement