টুকরো খবর

কাজিরাঙার আশপাশে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছে কি না, তা জানতে উচ্চপর্যায়ের কমিটি গড়ল গৌহাটি হাইকোর্ট। দু’বছর ধরে কয়েক জন আইনজীবী আদালতে এ সংক্রান্ত অভিযোগ তুলছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০২:৩৫
Share:

নজর কোর্টের

Advertisement

কাজিরাঙার আশপাশে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আশ্রয় নিয়েছে কি না, তা জানতে উচ্চপর্যায়ের কমিটি গড়ল গৌহাটি হাইকোর্ট। দু’বছর ধরে কয়েক জন আইনজীবী আদালতে এ সংক্রান্ত অভিযোগ তুলছিলেন। তাঁদের দাবি, রাজ্য সরকারের মদতে কাজিরাঙার সংযোজিত এলাকায় অবৈধ ভাবে ঢুকে বাংলাদেশের লোকজন বসতি গড়ে ফেলেছে। গন্ডারের চোরাশিকারে জড়িত দুষ্কৃতীদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। শিকারিদের আশ্রয় দিচ্ছে ওই সব বসতির বাসিন্দারাই। অভিযোগের ভিত্তিতে আজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে শ্রীধর রাও ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা তদন্ত কমিটি তৈরির নির্দেশ দেন।

Advertisement

জঙ্গি হানায় মৃত্যু

ঝাড়খণ্ডে জঙ্গি হামলায় মৃত্যু হল ৭ জনের। নিহতদের তিন জন গ্রামরক্ষী বাহিনীর সদস্য। আজ সন্ধে ৬টা নাগাদ গুমলা ও খুঁটির সীমানার কাছে কামডারায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে প্রত্যন্ত এলাকার গ্রামে ফিরছিলেন স্থানীয় কয়েক জন বাসিন্দা। তাঁদের সঙ্গে ছিলেন গ্রামরক্ষী বাহিনীর ৩ সদস্যও। হারুপ ও রেড়োয়ার মাঝামাঝি পাহাড়-জঙ্গলে ঘেরা রাস্তায় গাড়িটি পৌঁছতেই গাছের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। প্রাথমিক ভাবে অনুমান, হামলাকারীরা সকলেই ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’র (পিএলএফআই) সদস্য। অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। খবর পেয়ে যৌথ বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। জঙ্গিদের খোঁজে রাতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় জঙ্গি-বিরোধী অভিযানে নিরাপত্তাবাহিনীকে সাহায্যের জন্য গ্রামীণ তরুণ-যুবকদের নিয়ে গ্রামরক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। এ দিনের হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ওই বাহিনীরই তিন সদস্য।

সেনার গুলি

সেনার গুলিতে প্রাণ হারালেন দু’জন সাধারণ মানুষ। জখম আরও দুই। সোমবার কাশ্মীরের বদগাম জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, সেনা চৌকিতে একটি গাড়ি না থামায় গুলি চালায় সেনা। তাতেই নিহত হন দুই যুবক। সেনা সূত্রের খবর, ওই এলাকায় জঙ্গি গতিবিধির আগাম খবর ছিল। সে কারণেই তিনটি সেনা চৌকিতে গাড়ি আটকে পরীক্ষা করার ওপর জোর দেওয়া হচ্ছিল। প্রথম দু’টি চৌকিতে বাধা দেওয়া সত্ত্বেও থামেনি গাড়িটি। তৃতীয় চৌকিতেও না থামলে গুলি চালিয়ে বসেন নিরাপত্তারক্ষীরা। সেনা মুখপাত্র কর্নেল ব্রিজেশ পাত্র প্রথমে জানিয়েছিলেন, গুলিতে আহত হয়েছেন চার জন সেনা। তাঁদের মধ্যে দু’জন পরে মারা গিয়েছেন। পরে ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করেন। পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি এখনও। প্রাথমিক ভাবে অনুমান, তাঁরা নওগামের বাসিন্দা।

ফের বদল

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ স্তরের আমলাদের চা-চক্রের এক দিন পরেই অর্থ মন্ত্রকের সচিব স্তরে পরিবর্তন ঘটাল নরেন্দ্র মোদী সরকার। সোমবার আর্থিক পরিষেবা দফতরের সচিব পদ থেকে জি এস সাধুঁকে সরানো হয়েছে। ওই দায়িত্ব পেলেন গুজরাত ক্যাডারের অফিসার হসমুখ আধিয়া। এখন তিনি গুজরাত সরকারের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন তানজানিয়ার শিল্পীরা।
আরব সাগরের ধারে মহড়ায় ব্যস্ত তাঁরা। ছবি: এ পি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement