টুকরো খবর

জামিনে মুক্তি পেয়ে উধাও হয়ে যাওয়া দাউদ মার্চেন্টকে ফের গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। মুম্বইয়ের ডন দাউদ ইব্রাহিমের সহযোগী মার্চেন্ট বেআইনি ভাবে বাংলাদেশে বসবাসের দায়ে ধরা পড়ে ঢাকার জেলে বন্দি ছিল। টি-সিরিজের মালিক গুলশন কুমার ১৯৯৭-এর ১২ অগস্ট মুম্বইয়ে খুন হন।

Advertisement
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০৩:০১
Share:

ঢাকায় হাত ফস্কেও ফের আটক মার্চেন্ট

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ঢাকা

জামিনে মুক্তি পেয়ে উধাও হয়ে যাওয়া দাউদ মার্চেন্টকে ফের গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। মুম্বইয়ের ডন দাউদ ইব্রাহিমের সহযোগী মার্চেন্ট বেআইনি ভাবে বাংলাদেশে বসবাসের দায়ে ধরা পড়ে ঢাকার জেলে বন্দি ছিল। টি-সিরিজের মালিক গুলশন কুমার ১৯৯৭-এর ১২ অগস্ট মুম্বইয়ে খুন হন। ২০০২-এ সেই হত্যা মামলার প্রধান আসামি দাউদ মার্চেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মুম্বইয়ের আদালত। ২০০৯-এ ১৪ দিনের জন্য প্যারোলে ছাড়া পেয়ে পালিয়ে যায় দাউদ ইব্রাহিমের দলের হিটম্যান হিসেবে পরিচিত এই দুষ্কৃতী। ওই বছরই ত্রিপুরা সীমান্তে ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গী-সহ দাউদ মার্চেন্টকে আটক করে বাংলাদেশের পুলিশ। বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢোকা ও বেআইনি ভাবে বসবাস করার অভিযোগে মামলা করা হয় তার বিরুদ্ধে। তার পর থেকে সে ঢাকার কাশিমবাজার কারাগারেই বন্দি ছিল। কিন্তু ইতিমধ্যেই দাউদ যে জামিনের আবেদন জানিয়েছে, তা বোধ হয় বাংলাদেশ পুলিশের নজর এড়িয়ে গিয়েছিল। ১৯ নভেম্বর জামিন পাওয়ার দু’এক দিন পরে সে জেল থেকে ছাড়াও পেয়ে যায়। তার পরেই টনক নড়ে পুলিশের। হাই প্রোফাইল এই অপরাধীকে ধরতে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত দেশ ছাড়ার আগেই তাকে ফের গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তবে এত কিছু স্বীকার করছে না পুলিশ। তাদের সরকারি ভাষ্য ২৯ নভেম্বর জেল থেকে বেরিয়ে আসা মাত্র ফের আটক করা হয়েছে দাউদের সহযোগী দাউদকে।

Advertisement

ফের ভিডিও দুই বোনের

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

পার্কের বেঞ্চ থেকে হেঁচকা টান মেরে তুলে এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন দুই তরুণী। এলোপাথাড়ি চড়, ঘুষি, লাথি বাদ নেই কোনওটাই। পাক্কা বলিউডি ‘হিরো’র কায়দায় মারতে মারতে ওই যুবকের নীল শার্ট টেনে ছিঁড়ে ফেলেন দু’জন। আক্রমণের মুখে রীতিমতো বিপর্যস্ত ওই যুবক শেষমেশ প্রাণ হাতে নিয়ে চম্পট দেয় পার্ক ছেড়ে। ওই দুই মেয়ে ইতিমধ্যেই হরিয়ানার পরিচিত মুখ। এক ডাকে চেনেন তাঁদের সকলে। রোহতকের বাসে তিন হেনস্থাকারীর বিরুদ্ধে তাঁদের রুখে দাঁড়ানো আরতি এবং পুজা কুমার। সেই ভিডিও প্রকাশের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সামনে এল আরও একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে পার্কে তাঁদের উদ্দেশে কটূক্তি করায় নীল জামা পরা যুবককে সবক শেখাতে মারধর করছেন দুই বোন। বাসের ঘটনাটি ঘটে শুক্রবার। এক সহযাত্রী তাঁর ফোনে রেকর্ড করেছিলেন সবটা। যার জেরে রবিবার গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। পার্কের ঘটনাটি প্রায় এক মাস পুরনো বলে জানিয়েছেন পুজা। তাঁর কথায়, “আমরা এখন খবরে, তাই এই ধরনের ভিডিও প্রকাশ হচ্ছে। সম্ভবত রাস্তায় কোনও লোক ভিডিওটি তুলেছেন।” এই দু’ বোনের সাহসিকতাকে সম্মান জানাতে ৩১ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার।

আত্মঘাতী নাবালিকা, শুরু তদন্ত

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল দশ বছরের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে সোমবার, বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এলাকায়। পুলিশ জানায়, মেয়েটি একটি সুইসাইড নোট রেখে গিয়েছে। কন্নড় আর ইংরেজি মেশানো ভাঙা ভাঙা হাতে লেখা সেই চিঠিটিতে তার মৃত্যুর জন্য মেয়েটি কাউকেই দায়ী করেনি। তবে মা’কে ছেড়ে যাওয়ার যন্ত্রণা উঠে এসেছে চিঠিটায়। এমনকী সে যে কখনই মা’র কাছছাড়া হবে না, তাও সে চিঠিটিতে লিখে গিয়েছে। মেয়ে আর মা’র সংসার ছিল ইয়েলাহাঙ্কা নিউ টাউন এলাকায়। একটি কাপড়ের কারখানার কর্মী ছিলেন মা। আর তাঁর অনুপস্থিতিতেই সোমবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় মেয়েটি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার তার মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, ২২ নভেম্বর থেকে মেয়েটি স্কুলে যাচ্ছিল না। তবে মেয়েটি কেন এই পদক্ষেপ করল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রয়াত আন্তুলে

সংবাদ সংস্থা • মুম্বই

মারা গেলেন প্রবীণ কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ আর আন্তুুলে। বয়স হয়েছিল ৮৫। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চাপে সিমেন্ট কেলেঙ্কারির জেরে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগে বাধ্য হয়েছিলেন। পরে ইউপিএ সরকারে তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। কিডনির অসুখে ভুগছিলেন আন্তুলে।

ভোপাল গ্যাস কাণ্ডের ৩০ বছর পূর্তিতে মশাল নিয়ে মিছিল। মঙ্গলবার ভোপালে। ছবি: এএফপি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement