NEET-UG 2026 Paper Leak

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাথা’ রসায়নের এক অধ্যাপক! আয়োজক সংস্থার আধিকারিক ছিলেন তিনি! জেনেছে সিবিআই

নিটের প্রশ্ন-ফাঁসের ঘটনা সামনে আসার পরেই তদন্ত শুরু করেছিল সিবিআই। তদন্তকারীদের একটি সূত্রের দাবি প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পরীক্ষার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র আধিকারিক ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২০:১৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার (নিট-ইউজি ২০২৬) প্রশ্নপত্র ফাঁসের এক জন মাথাকে (কিংপিন) চিহ্নিত করেছে সিবিআই। তদন্তে জানা গেছে যে পিভি কুলকার্নি নামের ওই ব্যক্তি রসায়নের অধ্যাপক! নিট পরীক্ষার আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-র গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন তিনি। ফলে প্রশ্নপত্র দেখার সুযোগ ছিল তাঁর।

Advertisement

সিবিআই সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে, কুলকার্নি এই মামলায় ধৃত অন্যতম অভিযুক্ত মনীষা ওয়াঘমারের সহায়তায় পরীক্ষার্থীদের একাংশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে এবং আহলিয়ানগর থেকে সাত জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে এবং জেরার জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্য দু’জন ধৃত অভিযুক্তকে পুণের আদালত থেকে ট্রানজ়িট রিমান্ডের অনুমতি নিয়ে দিল্লির আদালতে স্থানান্তরিত করা হচ্ছে।

নিটের প্রশ্ন ফাঁস-কাণ্ডের তদন্তের দায়িত্ব নেওয়ার পরে সিবিআই গত ১৪ মে মনীষাকে গ্রেফতার করেছিল। তিনি পুণেতে তাঁর বাসভবনে নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং ক্লাস চালাতেন। তদন্তে সিবিআই জেনেছে এই বিশেষ কোচিং ক্লাসের সময় পরীক্ষার্থীদের বিকল্প এবং সঠিক উত্তর-সহ প্রশ্নগুলি দেওয়া হয়েছিল। প্রশ্নগুলি শিক্ষার্থীদের নোটবুকে হাতে লেখা ছিল এবং ২ মের নিট পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গিয়েছে বলে সিবিআই জানিয়েছে। এর আগে সিবিআই জানিয়েছিল, ওই চক্রের সদস্যেরা প্রথমে মহারাষ্ট্রের নাসিকে সাক্ষাৎ করেছিলেন। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি কপি পাঠানো হয় হরিয়ানায়। সেখানে পাঁচটি আলাদা আলাদা প্রশ্নের সেট তৈরি করা হয়। এক একটি সেটে ১০টি করে প্রশ্নপত্র ছিল। সেই সেট পৌঁছোয় রাজস্থানের জয়পুর, সেখান থেকে জমবারামগড় এবং তার পর ওই রাজ্যেরই সীকরে। এর পর সেই প্রশ্নপত্রের সেট আলাদা আলাদা ভাবে পৌঁছে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি এবং বিহারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement