Women Reservation Bill

সরকার মহিলা সংরক্ষণ সংশোধনী নিয়ে পিছু হটল

সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বলেন, ‘‘বিদেশনীতি ব্যর্থ, জ্বালানি সঙ্কটে দেশ ভুগছে, নজর ঘোরাতেই ওই বিল আনার কৌশল নিয়েছেন মোদী। রাজনৈতিক ফায়দা নিতেই এখন মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে দু’দিনের অধিবেশন ডাকার পরিকল্পনা করেছেন মোদী।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

তলে তলে ছোট দলগুলির সঙ্গে বৈঠক, শনি-রবিবার ছুটির দিনেও সংসদের অধিবেশন বসানোর সিদ্ধান্ত—সবই করা হচ্ছিল মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল আনার লক্ষ্যে। কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের প্রয়োজনীয় সমর্থন জোটাতে না পারায় আপাতত পিছু হটতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। পরিস্থিতি যা তাতে আপাতত আসছে না মহিলা সংরক্ষণ সংশোধনী আইন। সূত্রের মতে, পাঁচ রাজ্যে ভোটের পরেই এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে দু’দিনের জন্য বিশেষ অধিবেশন ডেকে ওই বিল পাশ করানোর কথা ভাবছে সরকার।

এর ফলে আগামী শনি ও রবিবার সংসদের বাড়তি অধিবেশন বসছে না বলে আজ জানিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। রাজ্যসভায় তিনি বলেন, ‘‘আগামিকাল ছুটি। সংসদ বন্ধ। শুক্রবার রাজ্যসভায় অর্থবিল নিয়ে আলোচনা হবে। আগে ঠিক হয়েছিল শনি ও রবিবার সংসদ বসবে। এখন ঠিক হয়েছে সপ্তাহান্তে ছুটি থাকবে সংসদ। অধিবেশন আবার ৩০ মার্চ নিয়মমাফিক বসবে।’’

এ ভাবে সংশোধনী বিল নিয়ে আসা সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘‘বিদেশনীতি ব্যর্থ, জ্বালানি সঙ্কটে দেশ ভুগছে, নজর ঘোরাতেই ওই বিল আনার কৌশল নিয়েছেন মোদী। রাজনৈতিক ফায়দা নিতেই এখন মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে দু’দিনের অধিবেশন ডাকার পরিকল্পনা করেছেন মোদী।’’ জয়রামের দাবি, আগে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক করতে হবে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হবে তার পরেই বিশেষ অধিবেশন ডাকতে হবে সরকারকে। নতুন সংশোধনীতে রাজ্যগুলির আসন ৫০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। তা নিয়েও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন জয়রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন