GST: জিএসটি-র পুরো ক্ষতিপূরণ পায়নি  বঙ্গ, মানল কেন্দ্র

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, জিএসটি চালুর পরে প্রথম তিন বছর পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যকেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ০৬:৩৮
Share:

প্রতীকী ছবি।

আট মাস আগে গত অর্থ বছর শেষ হয়ে নতুন অর্থ বছর চালু হয়েছে। কিন্তু এখনও জিএসটি ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গের প্রায় ১,৭০০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে। আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সংসদে নিজেই এ কথা জানিয়েছে। উল্টোদিকে রাজ্য সরকারের বক্তব্য, জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাওনা আরও বেশি। প্রায় ২,০৮০ কোটি টাকা।

Advertisement

মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সংসদে স্বীকার করতে বাধ্য হল, গত অর্থ বছরের বকেয়া টাকা আট মাস পরেও তারা মেটায়নি। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। তা ছাড়া, আমাদের হিসেবে পাওনার পরিমাণও বেশি।’’ অমিতবাবু বলেন, ‘‘গত অর্থ বছরের ২,০৮০ কোটি টাকা মেলেনি। চলতি অর্থ বছরেও এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৩,৪৩৬ কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ বকেয়া রয়েছে। সব মিলিয়ে শুধু জিএসটি ক্ষতিপূরণ বাবদই কেন্দ্রের কাছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা পাওনা।’’

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি আজ লোকসভায় একটি প্রশ্নের উত্তরে লিখিত ভাবে জানিয়েছেন, গত অর্থ বছর বা ২০২০-২১-এ জিএসটি ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গ ৬,১২৮ কোটি টাকা পেয়েছে। তবে জিএসটি
ক্ষতিপূরণ তহবিলে যথেষ্ট অর্থ নেই বলে পুরো ক্ষতিপূরণ মেটানো যায়নি। তাই এখনও ১,৬৯৯ কোটি টাকা বকেয়া রয়েছে। অর্থ মন্ত্রক অবশ্য আশ্বাস দিচ্ছে, ২০২২-এর পরেও জিএসটি-র উপরে বাড়তি সেস আদায় করে এই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে।

Advertisement

রাজ্যের যুক্তি, পাওনার পরিমাণ আরও বেশি। অমিত মিত্র বলেন, ‘‘আমাদের হিসেব অনুযায়ী, ২০২০-২১-এ জিএসটি ক্ষতিপূরণ বাবদ ২,০৮০ কোটি টাকা পাওনা রয়েছে।’’ কী ভাবে? ২০১৭-তে জিএসটি চালুর আগেই সিদ্ধান্ত হয়েছিল, পাঁচ বছর পর্যন্ত রাজ্যগুলির রাজস্ব আয় নির্দিষ্ট মাত্রায় না বাড়লে কেন্দ্র সেই ক্ষতিপূরণ মিটিয়ে দেবে।

অমিতবাবুর বক্তব্য, ‘‘সেই অনুযায়ী ২০২০-২১-এ পশ্চিমবঙ্গের রাজস্ব আয় হওয়ার কথা ছিল প্রায় ৩৮,৬৯৭ কোটি টাকা। বাস্তবে জিএসটি ও অন্যান্য রাজস্ব বাবদ আয় হয়েছে ২৬,০৫৭ কোটি টাকা। কেন্দ্রের থেকে ক্ষতিপূরণ বাবদ ৪,৪৩১ কোটি টাকা ও ক্ষতিপূরণ মেটানোর ঋণ বাবদ ৬,১২৮ কোটি টাকা মিলেছে। সব মিলিয়ে রাজ্য পেয়েছে ৩৬,৬১৬ কোটি টাকার মতো। ফলে কেন্দ্রের থেকে এখনও ২,০৮০ কোটি টাকা পাওয়া বাকি।’’

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, জিএসটি চালুর পরে প্রথম তিন বছর পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যকেই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরে এসেছে কোভিড। অর্থনীতিতে অতিমারির ধাক্কার জেরে রাজ্যগুলির রাজস্ব আয় কমে গিয়েছে। ফলে রাজ্যগুলি থেকে আরও বেশি পরিমাণে ক্ষতিপূরণ মেটানোর দাবি এসেছে।

উল্টোদিকে জিএসটি-র উপরে বাড়তি সেস আদায় করে তৈরি তহবিল থেকেই ক্ষতিপূরণ মেটানো হবে বলে ঠিক হয়েছিল। কোভিডের ধাক্কায় সেই তহবিলেও কম আয় হয়েছে। সে কারণেই পুরো ক্ষতিপূরণ মেটানো যায়নি। তবে জিএসটি পরিষদের সিদ্ধান্ত মেনে ক্ষতিপূরণ মেটাতে কেন্দ্র নিজে ঋণ নিয়ে রাজ্যকে ঋণ দিচ্ছে। গত অর্থ বছরে পশ্চিমবঙ্গের জন্য ৪,৪৩১ কোটি টাকা ঋণ মঞ্জুর হয়েছে। এই ঋণ শোধ করতে ও বকেয়া ক্ষতিপূরণ মেটাতে ২০২২-এর পরেও জিএসটি-র উপরে বাড়তি সেস আদায় করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement