Teen Ratna Dal Recipe

রন্ধনশৈলীতে ছোট্ট বদল আনলেই রোজের সাদামাঠা ডাল হয়ে উঠবে উপাদেয়, বানিয়ে ফেলুন তিনরত্ন ডাল

সাধারণ ডালের বদলে এ বার তিনরত্ন ডাল বানিয়ে দেখতে পারেন। স্বাদে, পুষ্টিতে ভরপুর এই ডাল শীত-গ্রীষ্ম-বর্ষায় তৃপ্তি দেবে। শিখে নিন সহজ রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:০৫
Share:

কী ভাবে বানাবেন তিনরত্ন ডাল? ছবি: এআই সহায়তায় প্রণীত।

শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে কাঁহাতক মাছ, মাংস, ডিম খেতে ভাল লাগে! তার উপর এক রকমের ডাল খেতে খেতেও একঘেয়েমি এসে গিয়েছে। বিশেষ করে নিরামিশাষী হলে তো সমস্যার শেষ নেই। সাধারণ ডালের বদলে এ বার তিনরত্ন ডাল বানিয়ে দেখতে পারেন। স্বাদে, পুষ্টিতে ভরপুর এই ডাল শীত-গ্রীষ্ম-বর্ষায় তৃপ্তি দেবে। শিখে নিন সহজ রেসিপি।

Advertisement

উপকরণ

১ কাপ ছোলা, সবুজ মুগ এবং অড়হর ডালের মিশ্রণ

Advertisement

১ চা চামচ হলুদগুঁড়ো

৩-৪টি কাঁচালঙ্কা (চিরে নেওয়া)

২ টেবিল চামচ পেঁয়াজকুচি

আধ চা চামচ আদাকুচি

আধ চা চামচ রসুনকুচি

১ চা চামচ গোটা জিরে

২টি আস্ত শুকনো লঙ্কা

১ চা চামচ হিং

আধ চা চামচ গরমমশলাগুঁড়ো

১ টেবিল চামচ সর্ষের তেল

১ চা চামচ ঘি

টাটকা ধনেপাতা কুচোনো

স্বাদমতো নুন

প্রণালী

একটি পাত্রে জল নিয়ে তাতে হলুদগুঁড়ো, কাঁচালঙ্কা এবং অল্প নুন দিয়ে ডাল সেদ্ধ করে নিন। অন্য দিকে, কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিন। একটু ভেজে গেলেই তাতে হিং মিশিয়ে দিন। তার পর একে একে আদা, রসুন, পেঁয়াজ ঢেলে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। শেষে মিশিয়ে দিন স্বাদমতো নুন। এ বার সেদ্ধ হয়ে যাওয়া ডাল কড়াইয়ে ঢেলে দিন। ঢিমে আঁচে রান্না হতে দিন। শেষে উপর থেকে ঘি এবং গরমমশলা ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিন উপরে। এ বার ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সুস্বাদু এই ডাল মেখে খেয়ে দেখুন, তৃপ্তি পাবেন। সঙ্গে কোনও ভাজা বা আচার থাকলে জমে যাবে ভোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement