বিমানবন্দরে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করছেন নিরাপত্তাকর্মীরা। —ফাইল চিত্র।
বিমান বা জাহাজে দেশে ফেরার সময়ে এ বার থেকে আরও বেশি সামগ্রী বিনাশুল্কে নিয়ে আসা যাবে ভারতে। একজন ভারতীয় বিমানে বা জাহাজে দেশে ফেরার সময়ে সর্বোচ্চ ৭৫ হাজার টাকার সামগ্রী শুল্কের ঝক্কি ছাড়াই নিজের সঙ্গে আনতে পারবেন। রবিবারই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। রবিবার মাঝরাত থেকে কার্যকর হয়ে যাবে নতুন নিয়ম।
রবিবারই নতুন ব্যাগেজ বিধি, ২০২৬-এর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। এত দিন পর্যন্ত কোনও ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত পর্যটক বিমান বা জাহাজে এ দেশে আসার সময়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকার সামগ্রী বিনাশুল্কে নিজের সঙ্গে আনতে পারতেন। নতুন বিধিতে সেই সীমা আরও ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০১৬ সালের যে বিধি ছিল, তার পরিবর্তে এ বার কার্যকর হবে নতুন বিধি।
দেশে ফেরার সময়ে কতটা গয়না সঙ্গে আনা যেতে পারে, তা নিয়েও কড়াকড়ি রয়েছে নতুন বিধিতে। কোনও ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত পর্যটক এক বছরের বেশি সময় ধরে বিদেশে থাকার পরে দেশে ফিরলে, সর্বোচ্চ ২০ গ্রাম সোনা সঙ্গে আনতে পারেন। মহিলাদের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৪০ গ্রাম। যাত্রীরা এই সোনা পরে থাকতে পারেন, বা তাঁর ব্যাগে থাকতে পারে। কিন্তু কোনও ভাবেই সব মিলিয়ে তা সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না। সোনা, রুপো, প্ল্যাটিনাম বা অন্য কোনও মূল্যবান ধাতুর গয়নার ক্ষেত্রে এই কড়াকড়ি প্রযোজ্য।
অন্য দিকে, বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও ভারতে কোনও জিনিসপত্র আনার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে। এত দিন পর্যন্ত বিদেশি নাগরিকেরা ভারতে আসার সময়ে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সামগ্রী বিনা শুল্কে নিয়ে আসতে পারতেন। নতুন বিধিতে তা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে।