India-US Trade Deal

আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর মার্চেই হতে পারে, এপ্রিলে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়ল

গত ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে ভারত এবং আমেরিকা। শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মার্চ মাসেই আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে পারে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০
Share:

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী মার্চ মাসেই আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে পারে ভারত। এপ্রিলে ওই চুক্তি কার্যকর করার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়ল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিটেন এবং ওমানের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) এপ্রিল থেকে কার্যকর হয়ে যেতে পারে। সেপ্টেম্বর মাসে ভারত-নিউ জ়িল্যান্ড বাণিজ্যচুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

গত ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে ভারত এবং আমেরিকা। ওই দিন ভোরে (ভারতীয় সময়) যৌথ বিবৃতি দিয়ে অন্তর্বর্তী এই সমঝোতার বিভিন্ন দিকগুলি প্রকাশ করা হয়। ভারতের পণ্যের উপর চাপানো বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয় ১৮ শতাংশে। এই পরিস্থিতিতে ভারতও বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার শর্ত মেনে নিয়েছে। আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার বেশি) পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি।

অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা আইনি দিকগুলি চূড়ান্ত করতে আগামী সোমবার থেকে আমেরিকায় আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। তার আগে চুক্তি স্বাক্ষর এবং কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী।

Advertisement

ঘটনাচক্রে, শুক্রবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর-ও জানিয়েছেন যে, ‘খুব শীঘ্রই’ ভারত এবং আমেরিকা বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। তবে তিনি নির্দিষ্ট কোনও সময়ের কথা উল্লেখ করেননি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে এই অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় আরও কিছু যোগ-বিয়োগ হতে পারে। অনেকগুলি বিষয়ে ঐকমত্য হলেও এখনও বেশ কিছু ক্ষেত্রে দু’পক্ষ সমঝোতায় আসতে পারেনি। তা নিয়ে দর কষাকষি চলতে থাকবে, যত ক্ষণ না পূর্ণমাত্রার বাণিজ্যিক চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement