Epstein Files

এপস্টিন: নথি উধাও নিয়ে সরব কংগ্রেস

দলের মুখপাত্র পবন খেরা সোমবার দাবি করেন, আমেরিকার বিচারবিভাগের ওয়েবসাইটে প্রকাশিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পত্তি-সংক্রান্ত নথির একটি অংশে ভারতের উল্লেখ থাকা অন্তত ৬০টি ফাইল নিখোঁজ হয়ে গেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬
Share:

— প্রতীকী চিত্র।

এপস্টিন ফাইল এবং তার সঙ্গে বিজেপির নানা স্তরের নেতাদের যোগ নিয়ে ফের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা সোমবার দাবি করেন, আমেরিকার বিচারবিভাগের ওয়েবসাইটে প্রকাশিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পত্তি-সংক্রান্ত নথির একটি অংশে ভারতের উল্লেখ থাকা অন্তত ৬০টি ফাইল নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরে। এক্স হ্যান্ডলে বিষয়টি তুলে খেরা অভিযোগ করেন, ৬ ফেব্রুয়ারিতেও আমেরিকার বিচার বিভাগের ওয়েবসাইটে এপস্টিন ফাইলে ‘ইন্ডিয়া’ শব্দটি খুঁজলে ৪৮৪ পৃষ্ঠার ফলাফল পাওয়া যাচ্ছিল। প্রতিটি পৃষ্ঠায় ছিল ১০টি নথি। কিন্তু সোমবার একই ভাবে খুঁজতে গেলে মাত্র ৪৭৮টি পৃষ্ঠা দেখা যাচ্ছে। যার অর্থ, ছ’টি পৃষ্ঠা, অর্থাৎ আনুমানিক ৬০টি ফাইল উধাও হয়ে গেছে। তিনি আরও লেখেন, ‘‘সেই সঙ্গেই ‘ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট’ এবং ‘যোশুয়া ফিঙ্ক’ এই দু’টি নামের পৃষ্ঠাও উধাও হয়ে যাচ্ছে।’’ খেরার অভিযোগ, অবসরের পরে বিজেপিতে যোগদানের আগে নিউ ইয়র্কের ‘ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট’ নামের থিঙ্ক ট্যাঙ্কেই কর্মরত ছিলেন হরদীপ পুরী। এপস্টিন ওই সংস্থাটিতে টাকা ঢালতেন। অন্য দিকে আদানির সংস্থায় বন্ডের মাধ্যমে বিনিয়োগকারী ব্ল্যাকরক সংস্থার প্রধান ল্যারি ফিঙ্কের ছেলের নাম যোশুয়া ফিঙ্ক। খেরার প্রশ্ন, ‘‘কী গোপন করার চেষ্টা হচ্ছে? মোদী ও তাঁর বৃত্তের লোকেদের বাঁচাতেই কি বাণিজ্য চুক্তি করে ভারতের স্বার্থ বিক্রি করা হল?’’

পাশাপাশি এ দিন এপস্টিন-বিতর্কে বিজেপির অন্য নেতাদেরও নিশানা করেছেন খেরা। সোমবার তিনি এক্স-হ্যান্ডলে লেখেন, “সোমবার, ১৪ মে ২০১৮, এক প্রেরক, যাঁর নাম গোপন রাখা হয়েছে, এপস্টিনকে লিখেছিলেন, ‘আমি… এই গ্রীষ্মে রোমের কাছে আমাদের পারিবারিক দুর্গে জয়পুরের মহারাজার জন্মদিনের পার্টি আয়োজন করছি। এটি দুর্দান্ত হতে চলেছে!’ এখানে যে ‘জয়পুরের মহারাজা’র কথা বলা হয়েছে, তিনি সওয়াই পদ্মনাভ সিংহ, রাজস্থানে বিজেপির উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারীর পুত্র। ২০১৮ সালে রোমে অনুষ্ঠিত তাঁর জাঁকজমকপূর্ণ ২০তম জন্মদিনের অনুষ্ঠান ইতিমধ্যেই জনসমক্ষে রয়েছে। সুতরাং, দিয়া কুমারী যখন আগামী কাল রাজ্য বাজেট পেশ করতে উঠবেন, তখন তাঁর ছেলের জন্মদিনের পার্টির বাজেট সম্পর্কেও আলোকপাত করতে পারেন, যা এপস্টিনের এক সহযোগী আয়োজন করেছিলেন। আমরা যা আবিষ্কার করছি, তা কেবল হিমশৈলের চূড়া। ওপর থেকে নীচ পর্যন্ত, বিজেপি–এপস্টিন যোগসূত্র অনেক গভীর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন