প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
নতুন তৈরি হওয়া স্মার্টফোনে এ বার থেকে আধার অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে মোদী সরকার। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে, জানুয়ারি মাসে ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক স্মার্টফোন নির্মাতাদের প্রস্তাব দিয়েছে, দেশে বিক্রি হওয়া সব নতুন ফোনে আগে থেকেই ইনস্টল করে দিতে হবে আধার অ্যাপ। আর এই উদ্যোগের নেপথ্যে রয়েছে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই। জানা যাচ্ছে, তারাই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে এই প্রস্তাবনা নিয়ে অ্যাপেল, স্যামসাং-র মতো সংস্থার সঙ্গে আলোচনা করতে বলেছে।
যদিও স্মার্টফোন নির্মাতাদের প্রতিনিধিত্বকারী সংস্থা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (এমএআইটি) এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বিশেষ করে অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো সংস্থাগুলি নিরাপত্তা ও গোপনীয়তার অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইনস্টল করার নির্দেশের পরে একই ভাবে আপত্তি উঠেছিল। এমএআইটি এ-ও জানাচ্ছে, আগে থেকে মোবাইলে আধার অ্যাপটি ইনস্টল করতে গেলে, বিদেশি সংস্থাগুলিকে ভারতের জন্য আলাদা করে ফোন বানাতে হবে। কারণ ভারতের জন্য তৈরি করা ফোনগুলির জন্য তাদের আলাদা ভাবে সফটওয়্যার তৈরি করতে হবে, যার ফলে ফোন তৈরির খরচ বাড়বে। বাড়বে মোবাইলের দামও। তাই এখনও এই প্রস্তাব কার্যকর হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই ইউআইডিএআই নতুন আধার অ্যাপ এনেছে। ব্যক্তিগত তথ্য আপডেট, বায়োমেট্রিক ডেটা লকের ব্যবস্থা রয়েছে এই নতুন অ্যাপে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে