দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসি। —ফাইল চিত্র।
দিল্লি পুলিশকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিবাদ চলছিলই, এ বার তাতে ঢুকে পড়ল দিল্লি পুলিশ কমিশনারও।
শহরে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ দিল্লি পুলিশ আসলে রাজনীতির অংশ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন পুলিশের একাংশ। তার পাল্টা জবাব দিতে শুক্রবার এক সাক্ষাৎকারে দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসি মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে সরাসরি তোপ দাগলেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, দিল্লি পুলিশ কোনও রাজনীতির মধ্যেই নেই। এমনকী কেন্দ্রে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর দিকে নিশানা করে তিনি যে বান ছুঁড়ে ছিলেন। তার পাল্টা জবাবে পুলিশ কমিশনার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও দিল্লির কোনও ঘটনার ব্যাপারে নাক গলাননি। তবে এক সিনিয়র আপ নেতা পুলিশ কমিশনার সত্যি কথা বলছেন না। এক ক্যাবিনেট মন্ত্রীর নির্দেশেই তিনি এই কথা বলছেন বলে ওই আপ নেতার দাবি।
দিন কয়েক আগেই দিল্লিতে ১৯ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। এর পর একটি বিজ্ঞাপণ করে দিল্লি সরকার। সেই বিজ্ঞাপণে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রীকে, নতুবা দিল্লি পুলিশকে সিটি পুলিশের অধীনে হস্তান্তর করতে বলেন কেজরিবাল। এর পর থেকেই বিতর্ক তৈরি হয়।
সম্প্রতিই এক পুলিশ কনস্টেবলকে অশালীন কথা বলায় সমালোচনার মুখে পড়েছেন কেজরিবাল। অপমানিত ওই কনস্টেবল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। সেই প্রসঙ্গে অবশ্য কিছু বলতে চাননি বাসি।