ভেঙে পড়ার পর হুড়োহুড়ি মহারাষ্ট্রের মন্দিরে। ছবি: সংগৃহীত।
মন্দিরের নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে বিপত্তি। দুর্ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পারভানি জেলায়। ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে থাকার আশঙ্কা। পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
শনিবার স্থানীয় এক হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অনেক ভক্ত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক আধিকারিকের কথায়, ‘‘ওই মন্দিরের বাইরের অংশে কাজ চলছিল। বাঁশ, লোহার র়়ড লাগানো ছিল। তার মধ্যে দিয়েই ভক্তেরা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। আচমকা নির্মীয়মাণ ওই অংশে একটি বড় চাঙড় ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন অনেকে।’’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণে ভক্তদের মধ্যে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, মন্দিরের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। অনেকে ধাক্কাধাক্কিতে মেঝেয় পড়ে যান। কেউ কেউ আবার পদদলিত হন বলেও খবর। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেছে।
বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই ধ্বংসস্তূপের তলায় ২০ থেকে ৩০ জন ভক্ত আটকে থাকতে পারেন মনে করা হচ্ছে। দুর্ঘটনার কারণে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে পারভানি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার কাজ চালাচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ।