দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।
দিল্লির করোলবাগের কাছে একটি ডবল ডেকার বাস উল্টে দুই যাত্রীর মৃত্যু হল। আহত আরও অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হনুমান মন্দিরের কাছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। রাজস্থানের জয়পুর থেকে তাঁরা তিন দিন আগে দিল্লি এসেছিলেন। মঙ্গলবার রাতে আবার জয়পুরের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে ধরে দ্রুতগতিতে ছুটছিল বাসটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি পাল্টি খেয়ে যায়। গুরুতর জখম হন বাসের দুই যাত্রী। পরে উদ্ধার করে হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসার সময় মৃত্যু হয় তাঁদের। বাকি আহতদের চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বাসের একটি মাত্র দরজা ছিল। যা বাসের একদম সামনের দিকে ছিল। বাসটি উল্টে যাওয়ার পর আপৎকালীন দরজা দিয়ে যাত্রীদের বার করে আনা হয়। পুলিশ জানিয়েছে, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, হঠাৎই জোরালো একটা ঝাঁকুনি দিয়ে বাসটি কাত হয়ে গেল। তার পর সেটি পাল্টি খেয়ে যায়। বাসের নীচে দু’জন চাপা পড়ে যান। বাসের ভিতরে তখন বাঁচার জন্য আর্ত চিৎকার করছিলেন যাত্রীরা। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। তার পর পুলিশ এবং দমকল এসে যাত্রীদের উদ্ধার করে। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।