Aravalli Hills

অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ নির্ধারণের প্রস্তাবিত কমিটিতে কাদের চাইছে কেন্দ্র, ১০ সদস্যের নাম সুপারিশ সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ এখনই নির্ধারণ করা যাবে না। এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল শীর্ষ আদালত। কমিটির জন্য প্রস্তাবিত নামের তালিকাও জানাতে বলেছিল কেন্দ্রকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:২৯
Share:

অরাবলী পাহাড়। —ফাইল চিত্র।

অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ নির্ধারণের জন্য প্রস্তাবিত ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতে আপত্তি নেই কেন্দ্রের। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। গত ডিসেম্বরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল। অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ নির্ধারণের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখার জন্য এই কমিটি গঠনের কথা বলেছিল শীর্ষ আদালত। এ বার হলফনামা দিয়ে কেন্দ্র জানাল, ওই কমিটি গঠনে তাদের আপত্তি নেই।

Advertisement

এই কমিটিতে কারা থাকবেন, তা-ও প্রাথমিক ভাবে স্থির করে সুপ্রিম কোর্টকে জানিয়েছে পরিবেশ মন্ত্রক। কমিটিতে রাখা হয়েছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’ (এফএসআই), ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (জিএসআই) এবং ‘সার্ভে অফ ইন্ডিয়া’-র বর্তমান এবং অবসরপ্রাপ্ত আমলাদের। পাশাপাশি কয়েক জন শিক্ষাবিদকেও রাখা হয়েছে কমিটিতে। প্রস্তাবিত এই কমিটির মাথায় ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন’-এর ডিরেক্টর কাঞ্চন দেবীকে রাখতে চাইছে কেন্দ্র।

পিটিআই জানাচ্ছে, হলফনামায় কেন্দ্র জানিয়েছে, প্রস্তাবিত এই নামগুলিতে আদালত অনুমোদন দিলে মন্ত্রকের কোনও আপত্তি থাকবে না। প্রস্তাবিত কমিটিতে যুক্ত করার জন্য মন্ত্রকের তরফে সুপারিশ করার মতো আর কোনও নাম নেই বলেও জানানো হয়েছে।

Advertisement

অরাবলী পাহাড়শ্রেণির কোন অংশকে অরাবলী পাহাড় বলে বিবেচনা করা হবে, তা নিয়ে গত বছর একটি সংজ্ঞা নির্ধারণ করে কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশপাশের এলাকার চেয়ে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র অরাবলী পাহাড় বলে গণ্য হবে— এমনটাই ছিল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞা। গত মাসে (২০ নভেম্বর) ওই ‘সংজ্ঞা’য় সিলমোহর দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চও। এই সংক্রান্ত একটি রায়ও দেয় শীর্ষ আদালত। পরবর্তী সময়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, ওই রায় এখনই কার্যকর হচ্ছে না।

গত ২৯ ডিসেম্বর আদালত জানিয়েছিল, অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ এখনই নির্ধারণ করা যাবে না। ওই সময়েই এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল শীর্ষ আদালত। পরে গত ২৬ ফেব্রুয়ারি পরিবেশ মন্ত্রক এবং অন্য সংশ্লিষ্ট পক্ষকে এই কমিটির জন্য প্রস্তাবিত নামের তালিকা আদালতে জমা দেওয়ার জন্য বলেছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মতো এ বার হলফনামা আকারে সেই প্রস্তাব জমা দিল কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement