Indians in Iran

ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হল দেশে! বাসে সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায়, সেখান থেকে বিমানে

যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ রয়েছে ইরানের আকাশসীমা। আটকে পড়া ভারতীয়দের প্রথমে বাসে সীমান্ত পার করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে ছাড়ে বিশেষ বিমান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:৫০
Share:

ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয় পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু করল কেন্দ্র। রবিবারই বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন প্রায় ৭০ জন ভারতীয়। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছোয় বিমানটি। ইরান ফেরত ভারতীয়দের মধ্যে ৭০ জনই পড়ুয়া। তাঁদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ইয়েরেভান থেকে দুবাই হয়ে দিল্লিতে পৌঁছোয় বিমানটি।

Advertisement

নয়াদিল্লি থেকে তাঁদের নিজ নিজ গন্তব্যে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিল জম্মু ও কাশ্মীর সরকার। সেই বাসেই তাঁদের শ্রীনগরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শীঘ্রই আরও ৬০ জন পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছোনোর কথা। সূত্রের খবর, আগামী কয়েক দিনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আরও বেশ কয়েকটি বিমান দেশে ফিরবে।

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগে ইরানে প্রায় ৯০০০ ভারতীয় ছিলেন। তাঁদের বেশির ভাগই পড়ুয়া। এই ভারতীয়দের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাই বেশি। এ ছাড়া উত্তরপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কোম— এই দুই শহরেই সবচেয়ে বেশি প্রবাসী ভারতীয়দের বাস।

Advertisement

আর্মেনিয়া থেকে ‘ফ্লাই দুবাই’-এর বিশেষ বিমানে রবিবার দিল্লিতে ফিরেছেন ২২ বছর বয়সি তরুণী নইনা তঈবা। অনন্তনাগের বাসিন্দা নইনা ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। প্রথমে বাসে, তার পরে বিমানে, সব মিলিয়ে চার দিনের যাত্রা শেষে রবিবার দিল্লিতে পৌঁছোতে পেরেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে ইরানে কোনও বিমান ওঠানামা করতে পারছে না। আটকে পড়া ভারতীয়দের ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে তোলা হয় বাসে। সেই বাসে তাঁদের নিয়ে যাওয়া হয় ইরান-আর্মেনিয়া সীমান্তে। তার পরে সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ার রাজধানী থেকে বিমানে তোলা হয় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement