Emmanuel Macron on Rafale Deal

‘আপনাদের দেশই তো শক্তিশালী হচ্ছে’! ১১৪টি রাফাল কেনার চুক্তি নিয়ে বিতর্কে মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট, কী বার্তা

১১৪টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফ্রান্সের সঙ্গে ওই সংক্রান্ত চুক্তির পরেই শুরু হয়েছে বিতর্ক। দিল্লি থেকে এ বার তা নিয়ে মুখ খুললেন খোদ মাক্রোঁ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৯
Share:

দিল্লির এআই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (ডান দিকে)। ছবি: পিটিআই।

ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লক্ষ কোটি টাকায় ১১৪টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল (ডিএসি)-এর সিদ্ধান্তের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তা নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। দাবি, এই চুক্তি ভারতকে আরও শক্তিশালী করে তুলবে।

Advertisement

মাক্রোঁ ভারতীয় সাংবাদিকদের বলেছেন, ‘‘দেশীয় উপাদান আমরা বৃদ্ধি করেই চলেছি। সংস্থার সঙ্গে আপনাদের সরকারের এ বিষয়ে কথা হয়েছে। আমি বুঝতে পারছি না কী ভাবে মানুষ এটার সমালোচনা করছেন। কারণ, এতে আপনাদের দেশই শক্তিশালী হচ্ছে। এটা আমাদের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করছে। তা ছাড়া, এখানে এই চুক্তির জন্য অনেক কর্মসংস্থানও হচ্ছে।’’

মুখে আত্মনির্ভর ভারতের কথা বললেও প্রতিরক্ষায় কেন বিদেশি যুদ্ধবিমান ব্যবহার করা হবে, রাফাল চুক্তির পর অনেকে সেই প্রশ্ন তুলেছিলেন। মাক্রোঁর দাবি, যতটা সম্ভব ভারতীয় উপাদান রাফালে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘স্পষ্ট করে বলছি, যতটা সম্ভব ভারতীয় উপাদান ব্যবহার করতে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলির অধিকাংশ ভারতে তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারত আমাদের ক্রেতা। তারা উৎপাদনেও আমাদের সঙ্গে যুক্ত হতে চায়। সেটা ন্যায্যও।’’ দিল্লিতে এআই সম্মেলন চলছে। মাক্রোঁ বিশেষ অতিথি হিসাবে সেখানে যোগ দিতে এসেছেন। সেখানেই তাঁকে রাফাল চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

Advertisement

ফ্রান্সের সঙ্গে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিকে ‘সব প্রতিরক্ষা চুক্তির জননী’ বলে ব্যাখ্যা করেছিল কেন্দ্র। এই সমস্ত বিমান পেলে ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়ে যাবে। আমেরিকা এবং রাশিয়াও তাদের যুদ্ধবিমান ভারতে বিক্রি করতে চেয়েছিল। অত্যাধুনিক এফ-৩৫ এবং সুখোই-৫৭ যুদ্ধবিমান কেনার প্রস্তাবকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত ফ্রান্সের রাফালেই ভরসা রেখেছে কেন্দ্র। এই যুদ্ধবিমান ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সেনা সংঘাতেও ব্যবহার করা হয়েছিল। পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তার পরেই আরও রাফাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement