Indian Ship Attacked

ভারতীয় জাহাজে হামলা নিয়ে এ বার রাষ্ট্রপুঞ্জেও সরব দিল্লি! হরমুজ় প্রণালীতে নিরাপত্তার পাশাপাশি আর কী কী দাবি?

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। সম্প্রতি সেখানে একটি বিশেষ বৈঠকে হরমুজ়ে পণ্যপরিবহণকারী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১২:৫৯
Share:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরমুজ় প্রণালীতে নৌপরিবহণের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রপুঞ্জে মুখ খুলল নয়াদিল্লি। গত ১৩ মে হরমুজ়ের কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছিল। কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। তবে কোনও দেশের নাম না করেই অবস্থান স্পষ্ট করেছে ভারত। আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের (ইউনেস্কোএসওসি) একটি বিশেষ বৈঠকে হরমুজ়ে পণ্যপরিবহণকারী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। ভারতের দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে নয়াদিল্লির আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। পরে তিনি নিজের বক্তব্য সমাজমাধ্যমেও পোস্ট করেন। হরিশ ওই বৈঠকে বলেছেন, ‘‘হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ, অসামরিক জাহাজকর্মীদের উপর হামলা এবং নৌপরিবহণের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। নিরাপদ যাতায়াত সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সকলের সম্মান জানানো উচিত।’’

পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে সম্প্রতি জ্বালানি ও সারের যে সঙ্কট তৈরি হয়েছে, তা মোকাবিলায় ভারতের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রপুঞ্জে তুলে ধরেছেন হরিশ। তাঁর মতে, ‘‘সঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্পমেয়াদি কাঠামোগত পদক্ষেপ করতে হবে। তবেই মিলতে পারে সমাধানসূত্র।’’

Advertisement

উল্লেখ্য, ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। বুধবার ওই জাহাজ ওমান উপকূলে হরমুজ় প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই তার উপর হামলা হয়। জাহাজটি ডুবে যায়। তবে জাহাজকর্মীদের উদ্ধার করে ওমানের ডিব্বা বন্দরে নিয়ে গিয়েছিল সে দেশের উপকূলরক্ষী বাহিনী। তাঁরা নিরাপদে রয়েছেন। হরমুজ়ে এই নিয়ে একাধিক বার ভারতীয় জাহাজ আক্রান্ত হল।

বৃহস্পতিবারই এ বিষয়ে মুখ খুলেছিল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘‘ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর বুধবার যে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক নাবিকদের নিশানা করা হয়েই চলেছে। এটা দুর্ভাগ্যজনক। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা, অসামরিক নিরপরাধ জাহাজকর্মীদের বিপদে ফেলা এবং সর্বোপরি নৌপথের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো এ বার বন্ধ হওয়া দরকার। ভারত এ বিষয়ে তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করছে।’’ এ বার রাষ্ট্রপুঞ্জেও হরমুজ়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল ভারতের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement