Advertisement
E-Paper

হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল ওমান উপকূলে, নিন্দা করে কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের, কী বার্তা

ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় কর্মী ছিলেন। বুধবার তাতে হামলা হয়। জাহাজটি ডুবে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:২৮
ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হরমুজ় প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর হামলার ঘটনায় মুখ খুলল বিদেশ মন্ত্রক। ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে হামলাকারীদের কঠোর বার্তাও দিয়েছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট জাহাজটি ডুবে গিয়েছে। তবে তার মধ্যে থাকা জাহাজকর্মীরা সকলে সুরক্ষিত আছেন বলে খবর। ওমানের উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করেছে।

ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যাচ্ছিল। তাতে ১৪ জন ভারতীয় জাহাজকর্মী ছিলেন। বুধবার ওই জাহাজ ওমান উপকূলে হরমুজ় প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই তার উপর হামলা হয়। জাহাজটি ডুবে যায়। জাহাজকর্মীদের উদ্ধার করে ওমানের ডিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ‘‘ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর বুধবার যে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক নাবিকদের নিশানা করা হয়েই চলেছে। এটা দুর্ভাগ্যজনক। ওই জাহাজের ভারতীয় নাগরিকেরা সুরক্ষিত আছেন। তাঁদের উদ্ধার করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা, অসামরিক নিরপরাধ জাহাজকর্মীদের বিপদে ফেলা এবং সর্বোপরি নৌপথের স্বাধীনতায় ব্যাঘাত ঘটানো এ বার বন্ধ হওয়া দরকার। ভারত এ বিষয়ে তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করছে।’’

ওমান উপকূলে ডুবে যাওয়া জাহাজটি ৫৭ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া। ওই জাহাজে যাঁরা ছিলেন, ওমানে তাঁদের চিকিৎসা চলছে। শীঘ্রই তাঁদের ভারতে ফেরানো হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এ বিষয়ে ওমান কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

ভারতগামী দু’টি পণ্যবাহী জাহাজ সম্প্রতি বিনা বাধায় হরমুজ় পেরিয়েছে। দু’টিতেই তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, এলপিজি ট্যাঙ্কার সাইমি বুধবার হরমুজ় প্রণালী পেরিয়ে এসেছে। আর একটি এলপিজিবাহী জাহাজ এনভি সানশাইন বৃহস্পতিবার ওই জলপথ পার করেছে। গত দু’মাসে আমেরিকা-ইরান সংঘাতের আবহে এই নিয়ে ১৩টি ভারতীয় জাহাজ হরমুজ় পেরোল।

সাইমি ১৯৯৬৫ টন এলপিজি বহন করছে। গুজরাতের বন্দরে তার পৌঁছোনোর কথা আগামী ১৬ মে। দ্বিতীয় জাহাজটিতে রয়েছে ৪৬৪২৭ টন এলপিজি। নিউ মেঙ্গালুরু বন্দরে আগামী ১৮ মে পৌঁছোবে সেটি। দু’টিই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জাহাজ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিক্‌স সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিন দিনের সফরে ভারতে এসেছেন। তাঁর সফরের মধ্যেই হরমুজ়ের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার আলাদা তাৎপর্য রয়েছে বলে কেউ কেউ মনে করছেন। তবে কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।

ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকা, ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে। সেই আবহে হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল দীর্ঘ দিন বাধাপ্রাপ্ত হয়েছে। তার ফলে ভারত-সহ বিভিন্ন দেশে জ্বালানির সরবরাহে টান পড়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার আলোচনা আপাতত থমকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন চিন সফরে।

Indian Ship Strait of Hormuz Oman Randhir Jaiswal Ministry of Foreign Affairs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy