Advertisement
E-Paper

সম্পর্কে সিলমোহর দিলেন হুমা? ‘প্রেমিক’ রচিত সিংহের সঙ্গে কী ভাবে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী?

খুব শীঘ্রই দু’জনকে ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। ভক্তদের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে হুমা তাঁর আলোচিত প্রেমিক রচিতের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২১:১৩
হুমার প্রেমিক রচিত আসলে কে?

হুমার প্রেমিক রচিত আসলে কে? ছবি: সংগৃহীত।

জল্পনা বেশ কিছু দিন ধরেই, হুমা কুরেশি নাকি সম্পর্কে জড়িয়েছেন। রচিত সিংহকে নিয়ে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে তাঁর। তবে সেই জল্পনায় সিলমোহর দিলেন হুমা। অভিনেত্রী তাঁর সমাজমাধ্যমে রচিতকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেখান থেকেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। খুব শীঘ্রই দু’জনকে ছবি ‘বেবি ডু ডাই ডু’-তে একসঙ্গে দেখা যাবে। ভক্তদের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে হুমা তাঁর আলোচিত প্রেমিক রচিতের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন।

সমাজমাধ্যমে রচিতের জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন হুমা। তিনি লেখেন, “রচিতের সঙ্গে প্রথম দেখা হওয়ার পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল, তা শুধু ওর প্রতিভা নয়। ওর ধৈর্য এবং নীরব অধ্যবসায়। বারাণসীর এক ছোট শহরের ছেলে, যে হাজার হাজার মানুষের মতো স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিল। কিন্তু সাফল্য রাতারাতি না এলেও রচিত হার মানেনি। ও কাজ করে গিয়েছে, শিখেছে এবং নিজেকে আরও উন্নত করে গড়ে তুলেছে।”

হুমা আরও বলেন যে, রচিত দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে পর্দার আড়ালে কাজ করেছেন। তাঁর কথায়, “ও বহু অভিনেতাকে প্রশিক্ষণ দিয়েছে। তাদের অভিনয়ের দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। এদের মধ্যে অনেকেই পরে বড় তারকা হয়েছে। রচিত নিজে আলোচনার বাইরে থেকে অন্যদের সাহায্য করে গিয়েছে। আর নিজের সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছে। এই বিষয়টাই আমি ওর মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।”

এখানেই শেষ নয়। রচিতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে হুমা বলেন, “ও কখনও বিশ্বাস হারায়নি। ও জানত, একদিন ওরও সময় আসবে। অহংকার নয়— শুধু কঠোর পরিশ্রম, নিয়মিত চেষ্টা এবং নিজের শিল্পের প্রতি বিশ্বাস রেখেছে। এখন মঞ্চ তোমার।” এর জবাবে রচিত সিংহও মজার ছলে মন্তব্য করেন, “ধন্যবাদ হুমি। আমাকে এ ভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হা হা হা। তোমার লেখা পড়ে বুঝলাম, সত্যিই তো, আমি অনেক দিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে আছি।”

সেই সঙ্গে আবেগপ্রবণ হয়ে রচিত আরও লেখেন, “ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। যখন আমি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, তখনও তুমি আমার উপর বিশ্বাস রাখো। এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তুমি এমন অনেক কিছু দেখতে পাও, যা অন্যেরা দেখে না।”

যদিও হুমা কুরেশি এবং রচিত এখনও তাঁদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেননি। তবুও গত কয়েক মাস ধরে তাঁদের প্রেম নিয়ে নানা জল্পনা চলছে।

Huma Qureshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy