প্রায়ই শিরোনামে উঠে আসেন ওরহান অবত্রামনি তথা ওরি। বিতর্কেও জড়ান প্রায়ই। এ বার তাঁর নিশানায় নেটপ্রভাবী ধ্রুব রাঠী। বিভিন্ন বিষয়ের পাশাপাশি, রাজনীতি নিয়েও নানা মন্তব্য করেন ধ্রুব। তিনি পদ্মশিবিরের বিরোধী হিসাবেই পরিচিত। এ বার ধ্রুবকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করলেন ওরি।
ইউটিউবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কথা বলেন ধ্রুব। এই বিষয়ে ওরি প্রশ্ন তোলেন, কী ভাবে এই ইউটিউবার তাঁর ভিডিয়োর বিষয় নির্বাচন করেন। তাঁর দাবি, ধ্রুবের ভিডিয়োর বিষয়বস্তু প্রায়ই একটি নির্দিষ্ট মতাদর্শের সঙ্গে মিলে যায়। ওরি বলেন, “আমার মনে হয়, ধ্রুব নিজের মতের সঙ্গে মেলে এমন বিষয়ই নিজের সুবিধামতো বেছে নেন। আমি তাঁর ভিডিয়ো মন দিয়ে দেখি না, তাই সব জানি না। কিন্তু অনেক সময়ে তিনি এমন কিছু বলেন, যা আমার কাছে যুক্তিহীন মনে হয়। আবার যে বিষয় নিয়ে তাঁর কথা বলা উচিত, সেখানে তিনি কথা বলেন না। আমি ব্যক্তিগত ভাবে ওঁকে পছন্দ করি না।”
ওরি আরও জানান, ধ্রুব রাঠীকে তিনি একটি বিশেষ নামে ডাকেন। এই বলেই একটি ‘অশালীন’ শব্দ প্রয়োগ করেন ওরি। এই প্রথম বার নয়। এর আগেও ওরি প্রকাশ্যে ধ্রুব রাঠীর সমালোচনা করেছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ধ্রুব যখন ‘দ্য ফেক বিউটি অফ বলিউড সেলিব্রিটিজ়’ নামে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। কটাক্ষ করেছিলেন জাহ্নবী কপূর-সহ আরও কয়েকজন তারকাকে। সেই সময়ে ওরি তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী জাহ্নবীর পাশে দাঁড়িয়েছিলেন।
ওই ভিডিয়োয় ধ্রুব দাবি করেছিলেন, বলিউডের কয়েক জন নায়িকা অস্ত্রোপচার করে সুন্দর হয়েছেন। সেই তালিকায় ছিলেন জাহ্নবী কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং কাজল। বিষয়টি নিয়ে হুলুস্থুল হয়েছিল সমাজমাধ্যমে। সেই সময়ে ওরি ইনস্টাগ্রামে ওই ভিডিয়ো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এই আলোচনা সম্প্রতি সাক্ষাৎকারে উঠে এলে ওরি বলেন, “সম্ভবত জাহ্নবী জানেনই না, ধ্রুব রাঠী কে। আমি নিজেও তাঁকে শুধু সেই ‘দেশবিরোধী’ ব্যক্তি হিসাবেই চিনি। সমাজমাধ্যমে এত অনুসরণকারী থাকা সত্ত্বেও তাঁকে রাস্তাঘাটে দেখে ছবিশিকারিরা ছবি তোলেন না।”
তবে ধ্রুব রাঠীর ইউটিউব ঘাঁটলে বোঝা যায়, তিনি শুধুই নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধিতা করেন, এমন নয়। বিভিন্ন অজানা বিষয় নিয়েও রয়েছে তাঁর মতামত। ভারতের হারিয়ে যাওয়া ভুতুড়ে গ্রাম থেকে এলিয়েনদের অস্তিত্ব অথবা শ্রীলঙ্কার রহস্যময় জঙ্গল— এমন নানা বিষয় নিয়ে ভিডিয়ো রয়েছে তাঁর।