আরও এক বার চলল স্মৃতি মন্ধানার ব্যাট। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করলেন তিনি। রান পেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন বাংলার রিচা ঘোষ। এই তিন ক্রিকেটারের ব্যাটে প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করল ভারত।
ভারত ও পাকিস্তানের দুই অধিনায়কই ভেবেছিলেন বার্মিংহ্যামের এই উইকেট রানের স্বর্গ। সেই কারণেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক সেকেন্ডও নেননি হরমনপ্রীত। সাদিয়া ইকবালের প্রথম বলেই ছক্কা মেরে শেফালি বর্মা বোঝানোর চেষ্টা করেছিলেন, আগ্রাসী ব্যাটিং করবে ভারত। কিন্তু মহিলাদের টি-টোয়েন্টি ক্রমতালিকায় দু’নম্বরে থাকা সাদিয়ার পঞ্চম বলে আউট হলেন তিনি। বলের বাউন্স বুঝতে না পেরে ৬ রান করে ফিরলেন তিনি।
খেলা শুরুর পর দেখে মনে হচ্ছিল, অত সহজ উইকেট নয়। পিচে দু’রকমের বাউন্স ছিল। কোনও বল নিচু হচ্ছিল। কোনও বল বেশি লাফাচ্ছিল। পাকিস্তানের বিরুদ্ধে জেমাইমা রদ্রিগেজ়ের রেকর্ড ভাল। কিন্তু এই ম্যাচে শুরু থেকে বেশি চেষ্টা করছিলেন তিনি। পিচ দেখে খেলার চেষ্টা করছিলেন না। সেটা করতে গিয়ে আউট হলেন তিনি। সাত বলে মাত্র ১ রান করলেন তিনি।
জোড়া ধাক্কার পর জুটি গড়ার প্রয়োজন ছিল। সেটাই করলেন স্মৃতি ও হরমনপ্রীত। শুরুতে বল দেখে সিঙ্গল, ডাবলসে খেলার চেষ্টা করছিলেন। মাঝে মাঝে চার মারছিলেন স্মৃতি। তার মাঝেই এক বার ক্যাচ তুলেছিলেন তিনি। ধরতে পারেননি পাকিস্তানের ফিল্ডার। ১০ ওভারে ভারতের রান ছিল ৬৫।
আরও পড়ুন:
থিতু হওয়ার পর রান তোলার গতি বাড়াতে শুরু করেন দুই ব্যাটার। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল স্মৃতিকে। ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বড় শট মারছিলেন তিনি। সাদিয়ার এক ওভারে ১৯ রান নেন দুই ব্যাটার। ৩৪ বলে অর্ধশতরান করেন স্মৃতি। পরের ওভারে তাঁর আরও একটি ক্যাচ পড়ে। তা কাজে লাগান ভারতীয় ব্যাটার। স্মৃতি-হরমনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, বড় রান করবে ভারত। ঠিক তখনই পাকিস্তানকে খেলায় ফেরালেন অধিনায়ক ফাতিমা সানা।
রামিন শামিমের বল লং অনের উপর দিয়ে মারার চেষ্টা করেছিলেন স্মৃতি। ব্যাটে-বলে হয়নি। অনেকটা দৌড়ে ভাল ক্যাচ ধরেন ফাতিমা। ৪৪ বলে ৬৮ রান করে আউট হন স্মৃতি। ভাঙল ৯১ রানের জুটি। চার নম্বরে ভারতী ফুলমালিকে নামিয়ে ফাটকা খেলার চেষ্টা করেছিল ভারত। তা কাজে লাগেনি। ১ রান করে স্টাম্প আউট হন তিনি। তার পরেই অধিনায়ক হরমনপ্রীতকে ৩৬ রানের মাথায় আউট করেন ফাতিমা। আবার চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকে দলকে টেনে তুললেন সেই রিচা। প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন। আর থামল না তাঁর ব্যাট। ১৯তম ওভারে এল ২৩ রান। শেষ ওভারে ফাতিমার বলে আউট হলেন রিচা। মাত্র ১৭ বলে ৩৪ রান করলেন তিনি। বাংলার ব্যাটারের ব্যাটে ১৬০ রান পার হল ভারতের। এ বার দায়িত্ব বোলারদের। এখন দেখার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরু ভারত করতে পারে কি না।