Advertisement
E-Paper

ভারত-পাক ম্যাচে সেই একই ছবি! টি২০ বিশ্বকাপে ফাতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানোর ছবি আরও এক বার দেখা গেল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:৪৪
cricket

টসের পর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা (বাঁ দিকে) ও ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ধোঁয়াশা রেখে দিয়েছিলেন হরমনপ্রীত কৌর। ম্যাচের দিন টসের পর ছবিটা স্পষ্ট হয়ে গেল। ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না-মেলানোর ছবি আরও এক বার দেখা গেল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাত মেলালেন না দুই দলের অধিনায়ক।

রবিবার বার্মিংহ্যামে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টস জেতেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। টস জেতার পর নিজের কথা বলে সোজা ডাগ আউটের দিকে হাঁটেন তিনি। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি তিনি। ফাতিমাও খুব একটা আগ্রহ দেখাননি। দেখে বোঝা যাচ্ছিল, দুই অধিনায়কই হাত মেলাতে খুব একটা আগ্রহী নন।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হরমনপ্রীতকে প্রশ্ন করা হয়েছিল, দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যাবে কি না। জবাবে তিনি বলেন, “আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। তার বাইরে আমরা কিছু নিয়ে কথা বলছি না।” হরমনপ্রীত স্পষ্ট করে না বললেও মনে হচ্ছিল, আগের দৃশ্যই আরও এক বার দেখা যাবে। সেটাই দেখা গেল।

২০২৫ সালের এশিয়া কাপ থেকে এই ছবিটা দেখা যাচ্ছে। তার আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর ‘অপারেশন সিঁদুর’-এর জেরে দু’দেশের সম্পর্কের অবনতি হয়। এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার পর থেকে ভারত-পাকিস্তানের কোনও ম্যাচেই হাত মেলাননি ক্রিকেটারেরা। গত বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপেও হাত মেলাননি দু’দলের ক্রিকেটারেরা। সেই ছবি আরও এক বার দেখা গেল।

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মুখোমুখি সাক্ষাতে ভারত ১৩-৩ ব্যবধানে এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরিসংখ্যান ভারতের পক্ষে ৬-২। গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ জেতার পর এ বার ছোট ফরম্যাটেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছে ভারত। সেই পথে প্রথমেই সামনে পাকিস্তান। সেই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে এগোতে চাইছেন হরমনপ্রীতেরা।

India vs Pakistan Harmanpreet Kaur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy