—প্রতিনিধিত্বমূলক ছবি।
পঞ্জাবে দু’টি নাশকতার ছক বানচাল করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই নাশকতার নেপথ্যে ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক জন অমৃতসরের বাসিন্দা। বিপুল বিস্ফোরক (আইইডি), দু’টি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, পঞ্জাবের ‘স্টেট স্পেশ্যাল অপারেশনস সেল’-এর অমৃতসর ইউনিট নাশকতার ছক বানচাল করেছে। পুলিশ সূত্রে খবর, নাশকতা ঘটানোর উদ্দেশ্যে পিভিসি পাইপের ভিতর আইএডি লুকিয়ে রেখেছিলেন অমৃতসরের বাসিন্দা রাহুল কুমার ওরফে গাজু। ওই যুবক একটি সেলুনে কাজ করেন।
প্রাথমিক তদন্তে ইঙ্গিত যে, অন্য দেশের এক জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখতেন রাহুল। ওই হ্যান্ডলার আবার পাকিস্তানের জঙ্গিনেতাদের নির্দেশে কাজ করতেন বলে ইঙ্গিত মিলেছে। মূলত ফোনে সাঙ্কেতিক বার্তা পাঠিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরা। কবে, কোথায় এবং কী ভাবে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল, এই চক্রে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশ।