Farooq Abdullah

এন‌এসজি-র বলয় পেরিয়ে জ়েড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাকে গুলি! বরাতজোরে প্রাণরক্ষা

পুলিশ সূত্রে খবর, বুধবার বিয়ে বাড়ি থেকে বেরানোর সময় ফারুককে পিছন থেকে লক্ষ্য করে আচমকা গুলি চালান এক ব্যক্তি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটে‌জে দেখা গিয়েছে কী ভাবে ফারুককে লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০০:৫৯
Share:

(বাঁ দিকে) ঘটনার সিসিটিভি ফুটেজ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা (ডান দিকে)। ছবি: এক্স।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দর‌ও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। বিয়ে বাড়ি থেকে বেরনোর সময় ফারুককে পিছন থেকে লক্ষ্য করে আচমকা গুলি চালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটে‌জে দেখা গিয়েছে কী ভাবে ফারুককে লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। উপস্থিত নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন এবং তাঁর থেকে বন্দুকটিও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের নাম কমল সিংহ জমওয়াল (৬৩)। জম্মুর‌ই বাসিন্দা তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন, তাঁকে জেরা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষা করছিলেন এবং ফারুকের উপর নজর রাখছিলেন। তিনি বেরানোমাত্র পিছন থেকে এসে গুলি চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তবে পুলিশের তৎপরতায় এক রাউন্ডের বেশি গুলি চালাতে পারেননি। পুলিশ সূত্রে খবর, কমল জানান, তিনি গত ২০ বছর ধরে ফারুককে লক্ষ্য করে গুলি চালানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু কী কারণে অভিযুক্তের এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সুরিন্দর । তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী ও পুলিশের থেকে জানা উচিত তাদের তরফ থেকে এত বড় গাফিলতি কী ভাবে ঘটল।” তাঁর প্রশ্ন, “এই রকম একটা অনুষ্ঠানে সকলের চোখ এড়িয়ে একজন বন্দুক নিয়ে কী ভাবে ঢুকতে পারলেন?”

ফারুকের পুত্র তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে জানান তাঁর বাবা অক্ষত আছেন। লেখেন, “আল্লা দয়া করেছেন। আমার বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে বিস্তারিত তথ্য অস্পষ্ট, তবে যা জানা গিয়েছে তা হল, একটি গুলি ভর্তি পিস্তল নিয়ে এক ব্যক্তি আমার বাবাকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালান। শুধুমাত্র ঘনিষ্ঠ সুরক্ষা দল (ক্লোজ প্রোটেকশন টিম)-এর তৎপরতায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বাবা নিরাপদে রয়েছেন। বন্দুক হাতে ওই ব্যক্তি এন‌এসজি-র নিরাপত্তাবলয় ভেদ করে জ়েড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত এক জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কী ভাবে পৌঁছোলেন, সেটাই প্রশ্ন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement