Made in India chips

‘মেড ইন ইন্ডিয়া’ চিপই উন্নত ভারতের ভিত্তি, সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শনিবার উত্তরপ্রদেশের জেওয়ারে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (ইয়েইডা) এলাকায় ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের ওএসএটি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আত্মনির্ভরতার ভিত্তিতেই উন্নত ভারত গড়ে উঠবে, আর সেই লক্ষ্যে ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ— ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশের জেওয়ারে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (ইয়েইডা) এলাকায় ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

Advertisement

শিলান্যাসের পর মোদী বলেন, ‘‘কোভিড-১৯ মহামারির সময় ক্ষুদ্র সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ শৃঙ্খল দুর্বল হয়ে পড়ায় বহু দেশের অর্থনীতি থমকে গিয়েছিল এবং বিভিন্ন কারখানার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই দেশীয় চিপ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।’’ উল্লেখ্য, এই সংস্থা এইচসিএল এবং ফ্যাক্সকম ফক্সকন-এর ৬০:৪০ শতাংশের যৌথ উদ্যোগ। ২০২৮ সালের মধ্যে অত্যাধুনিক এই কারখানাটি চালু হওয়ার কথা। আগামী কয়েক বছরে প্রায় ৩,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যেখানে মূলত ডিসপ্লে ড্রাইভার চিপ উৎপাদন করা হবে।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘গত ১১ বছরে ভারত ইলেকট্রনিক্স উৎপাদনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং বর্তমানে ইলেক্ট্রনিক্স সামগ্রী রফতানিতে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।’’ তাঁর আরও দাবি, ‘‘এই কারখানা থেকে প্রতি মাসে ৩.৬ কোটি চিপ উৎপাদিত হবে, যা ডিজিটাল স্ক্রিনের ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করবে।’’ অন্য দিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘জেওয়ার শুধু রাজ্যের নয়, গোটা দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসাবে উঠে আসছে। এই প্রকল্পে সরাসরি ও পরোক্ষ ভাবে ৩,৫০০-র বেশি কর্মসংস্থান হবে এবং দেশীয় সাপ্লাই চেন আরও মজবুত হবে।’’ ফক্সকনের সেমিকন্ডাক্টর বিজ়নেস গ্রুপের প্রেসিডেন্ট বব চেন এবং এইচসিএল গোষ্ঠীর চেয়ারপার্সন রোশনি নাদার বলেছেন, ‘‘দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতেই এই যৌথ উদ্যোগ, যা ভারতের প্রযুক্তি খাতে নতুন দিগন্ত খুলে দেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement