Shubman Gill and Sundar Pichai

বিশ্বকাপ থেকে দূরে শুভমন! গুগ্‌ল-কর্তা পিচাইকে পুল শট মারা শেখালেন গিল

গুগ্‌লের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভমন গিল। সেখানেই পিচাইকে পুল শট মারা শিখিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৭
Share:

শুভমন গিলের (সামনের সারিতে বাঁ দিকে) পাশে গুগ্‌লের সিইও সুন্দর পিচাই। ছবি: এক্স।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন শুভমন গিল। আপাতত ঘরোয়া ক্রিকেটও নেই। ফলে ক্রিকেট থেকে দূরেই রয়েছেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। গুগ্‌লের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভমন। সেখানেই পিচাইকে পুল শট মারা শিখিয়েছেন তিনি।

Advertisement

গুগ্‌লের গুরুগ্রামের অফিসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভমন। সেখানে ছিলেন পিচাই। তিনি শুভমনের কাচে পুল শট মারা শিখতে চান। মঞ্চে একটি ব্যাট হাতে শিক্ষকের ভূমিকায় দেখা যায় শুভমনকে। পিচাইয়ের হাতেও একটি ব্যাট ছিল। তিনি শেখার চেষ্টা করেন।

পুল শট মারা শেখাতে গিয়ে শুভমন বলেন, “পুল শট মারার সময় আপনার হাত প্রসারিত করতে হবে। তবেই আপনি শটের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।” শুভমন নিজে পুল শট মারা দেখিয়েও দেন। পিচাই তাঁকে অনুকরণ করার চেষ্টা করেন।

Advertisement

শুভমন জানান, যদি বল দ্রুত ব্যাটে আসে তা হলে কব্জির সাহায্য নিতে হবে। তিনি বলেন, “যদি বল দ্রুত ব্যাটে আসে তখন সময় কম থাকবে। সে ক্ষেত্রে হাত বেশি প্রসারিত করা যাবে না। তখন আপনার কব্জি ব্যবহার করতে হবে। কব্জির শক্তিতেই খেলতে হবে।” শুভমন আরও জানান, চাপের মধ্যে বেশির ভাগ ব্যাটারই এ ভাবে পুল শট মারার চেষ্টা করেন।

শুভমন জানিয়েছেন, অনুশীলনে বেশির ভাগ ব্যাটার হাত প্রসারিত করে খেলেন। কব্জি ব্যবহার করে খুব কম ব্যাটারই শটের অনুশীলন করেন। যাঁরা চান, একেবারে শেষ মুহূর্তে পুল মারবেন, তাঁরাই এই অনুশীলন করেন। শুভমন বলেন, “কব্জির ব্যবহার করে পুল শট মারার চেষ্টা খুব কম ব্যাটার করেন। যাঁরা চান, একেবারে শেষ মুহূর্তে বলের গতি ব্যবহার করবেন, তাঁরাই এ ভাবে শট খেলেন। আমি অবশ্য দেরিতে শট খেলতে ভালবাসি। তাই আমিও মাঝেমধ্যেই কব্জি ব্যবহার করে পুল শট মারি।”

শুভমন যখন মঞ্চে পুল শট মারা শেখাচ্ছেন, তখন দর্শকদের মধ্যেও আগ্রহ ছিল তুঙ্গে। পরে পিচাই ও সংস্থার কর্মীদের সঙ্গে ছবিও তোলেন শুভমন। সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল। আপাতত সামনে আইপিএল। কয়েক দিন পর তার প্রস্তুতি শুরু করবেন শুভমন। তার আগে অন্য রকম একটি দিন কাটালেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement