SIR in Kerala

বিরোধের পরেও শান্তিতে এসআইআর, জ্ঞানেশের বৈঠকে ‘স্বস্তি’ কেরলে

অসম, তামিলনাড়ু, পুদুচেরির পরে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ এখন কেরলে রয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি মূল্যায়নের কাজে।

সন্দীপন চক্রবর্তী

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:৫৭
Share:

ভোটার সচেতনতা অনুষ্ঠানে ছোটদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেরলের কোচিতে। ফাইল চিত্র।

দেশের মধ্যে প্রথম সেখানেই বিধানসভায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় ও পদ্ধতির বিরোধিতা করে প্রস্তাব পাশ হয়েছিল। ভোটাধিকার রক্ষার প্রশ্নে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, সমর্থন করেছিল প্রধান বিরোধী দল। সেই কেরলেই নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠকে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে মিটে যাওয়ায় স্বস্তি প্রকাশ করল প্রধান প্রায় সব রাজনৈতিক দল! একই ভাবে বিধানসভা নির্বাচন অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য দক্ষিণী ওই রাজ্যে সব দলের সহায়তা চাইল নির্বাচন কমিশন।

অসম, তামিলনাড়ু, পুদুচেরির পরে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চ এখন কেরলে রয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি মূল্যায়নের কাজে। তাদের পরবর্তী গন্তব্য পশ্চিমবঙ্গ। রাজ্য সফর সেরে দিল্লি ফিরে যাওয়ার পরে আগামী সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পাঁচ রাজ্যের মধ্যে অসম বাদে বাকিগুলিতে ভোটের আগে এসআইআর হয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটারের তালিকা নিয়ে যে জট পশ্চিমবঙ্গে পেকেছে, তেমন অবশ্য অন্য কোথাও হয়নি। ভোটমুখী প্রতি রাজ্যে সফরে গিয়েই এসআইআর-এর অভিজ্ঞতার কথা শুনতে হচ্ছে কমিশনকে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিংহ সাঁধু ও বিবেক জোশী কেরলে গিয়ে কোচিতে জাতীয় ও রাজ্য স্তরের সব স্বীকৃত রাজনৈতিক দল এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। ভোটার সচেতনতা অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গেও মত বিনিময় করেছেন। সূত্রের খবর, এসআইআর নিয়ে রাজনৈতিক বিরোধিতা ও আপত্তি থাকলেও কমিশনের সঙ্গে দলগুলির বৈঠকে কোনও বিতণ্ডা বাধেনি। বিশেষ কোনও সমস্যা ছাড়াই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে প্রায় সব দলের নেতারাই মত দিয়েছেন। শাসক সিপিএম, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং দ্রুত জমি তৈরি করতে থাকা আর এক বিরোধী দল বিজেপির প্রতিনিধিরা কার্যত এক সুরেই বুথ লেভল অফিসারদের (বিএলও) প্রশংসা করেছেন। তবে কিছু নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন আছে, ‘ইচ্ছাকৃত’ ভাবে নাম বাদ দেওয়ার সংশয় কাটেনি, এমন অভিযোগ বৈঠকে তুলেছিলেন সিপিএমের নেতা এম ভি জয়রাজন। জ্ঞানেশ ব্যাখ্যা দিয়েছেন, কোনও নাম বাদ বা অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন থাকলে এখনও আবেদন করার সুযোগ আছে। ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬, নামে আপত্তি জানানোর জন্য ফর্ম ৭ এবং তথ্য সংশোধনের জন্য ফর্ম ৮— এই তিন ধরনের ফর্মই সাধারণ মানুষ বা রাজনৈতিক দলের প্রতিনিধি জমা দিতে পারবেন। বিধানসভা ভোটের মনোনয়ন শুরু হওয়া পর্যন্ত নিয়মমাফিক এই প্রক্রিয়া চালু থাকবে। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকরও। প্রসঙ্গত, জ্ঞানেশদের এই সফরের সময়ে কেরলে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

কেরলে এসআইআর-এর পরে চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে দু’কোটি ৬৯ লক্ষ ৫৩ হাজার ৬৪৪ জনের। সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে প্রায় ৮ লক্ষ ৯৭ হাজার, যা মোট ভোটারের ৩.২২%। এর মধ্যে শুনানি প্রক্রিয়ার পরে বাদ গিয়েছে ৫৩ হাজারে কিছু বেশি নাম। পশ্চিমবঙ্গের মতো ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’র (লজিক্যাল ডিসক্রিপেন্সি) যুক্তি সেখানে নেই। রাজ্যের সিইও কেলকরের ব্যাখ্যা, ‘‘গণনা-পত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করা হয়েছে। বিএলও-রা যথাসাধ্য পরিশ্রম করেছেন, সব রাজনৈতিক দলও সাহায্য করেছে। তার পরে শুনানি-পর্ব হয়েছে, নথি যাচাই হয়েছে। এই প্রক্রিয়া নিয়ে অভিযোগের অবকাশ প্রায় নেই। তবু ভোটার তালিকা নিয়ে কোনও প্রশ্ন থাকলে তিন ধরনের ফর্ম জমা দেওয়ার সুযোগ রয়েছে।’’

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ই পি জয়রাজনের বক্তব্য, ‘‘ভোটের ঠিক আগে অল্প সময়ে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল। কিছু নাম বাদের বিষয়ে প্রশ্ন এখনও আছে। তবে সাধারণ ভাবে সংশোধন প্রক্রিয়ায় বড় কোনও গোলমাল হয়নি।’’ কেরল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের দাবি, ‘‘ভোটার তালিকা সাফ করা নিয়ে যাদের আশঙ্কা আছে, তারাই আগে আপত্তি তুলেছে।’’ আর এ রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, ‘‘নির্বাচন কমিশনের অস্বচ্ছতা, অযৌক্তিক পদক্ষেপ এবং রাজ্যের সরকারের অসহযোগিতা, গা-জোয়ারির ফলে এখানে পরিস্থিতি জটিল হয়েছে। ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। কেরল ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন