তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়। ছবি: পিটিআই।
কারুরের পর তামিলনাড়ুর সালেমে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা ‘থলপতি’ বিজয়ের সমাবেশে ঘটল মর্মান্তিক ঘটনা। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিজয়ের সমাবেশে যোগ দেওয়া এক ব্যক্তি আচমকাই জ্ঞান হারান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
সালেম পুলিশের আধিকারিকদের উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, বিজয়ের রাজনৈতিক সভায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক ৩৭ বছর বয়সি যুবকের মৃত্যু হয়। মৃতের নাম সূরজ। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গিয়েছে, তিনি থাকতেন সালেমের সেভভাইপেত্তাই এলাকায়। রুপোর কাজ করতেন। সংসারে স্ত্রী এবং পুত্র রয়েছে।
শুক্রবার বিজয়ের জনসভায় উপস্থিত ছিলেন সূরজ। সমাবেশ চলাকালীন হঠাৎই পড়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাঁদের প্রাথমিক ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত বছরের ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন মারা যান এবং কমপক্ষে ৬০ জন আহত হন। তামিলনাড়ু পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। তার রেশ কাটতে না কাটতে আবার বিজয়ের জনসভায় মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল।