Historian Irfan Habib

সৈয়দ ইরফান হাবিবকে লক্ষ্য করে ছোড়া হল জলভর্তি বালতি ও ডাস্টবিন! দিল্লি বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার শিক্ষাবিদ

আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে এবিভিপি। তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৯
Share:

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে বক্তৃতা করছেন ইতিহাসবিদ সৈয়দ ইরফান হাবিব। ছবি: সংগৃহীত।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির আক্রমণের মুখে পড়লেন শিক্ষাবিদ সৈয়দ ইরফান হাবিব। তাঁর বক্তৃতার মাঝে জলভর্তি বালতি ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পর ক্ষণে একটি ডাস্টবিনও ছোড়া হয়। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভবনের সামনে ছিলেন বিজ্ঞানের ইতিহাসের ইরফান। বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্য়াসোসিয়েশন (আইসা)-র উদ্যোগে ‘সমতা দিবস’ উপলক্ষে পিপল্‌‌স লিটারেচার ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন ছিলেন। কয়েক মিনিট তিনি বক্তৃতা করেছেন। হঠাৎ শুরু হয় বিশৃঙ্খলা। হাবিবের কথায়, ‘‘ছাত্র-ছাত্রীদের সামনে কিছু বলার জন্য আমায় ডাকা হয়েছিল। প্রায় ২০০ শিক্ষার্থী ছিলেন। প্রায় ২০ মিনিট বলেছি, সেই সময় পিছনের পাঁচিল থেকে আমার দিকে বালতিভর্তি জল ছুড়ে দেন কেউ। কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবে তার পরে আবার আমি বলেছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় হল সেই জায়গা, যেখানে নানা মতামত আসবে। সমালোচনা হতে পারে। কিন্তু সমস্ত মতামতকেই সম্মান জানানো উচিত।’’ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বালতি-সহ জল ছোড়া হয়েছিল হাবিবের দিকে। বালতিটি কিছুটা দূরে গিয়ে পড়ে। কিন্তু প্রবীণ শিক্ষাবিদের গা ভিজে যায়।

আইসার দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে রয়েছে এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। তাদের কয়েক জন সদস্য অনুষ্ঠান ভন্ডুল করার জন্য এই পন্থা নিয়েছিলেন। যদিও এবিভিপি ওই অভিযোগ নস্যাৎ করেছে। সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক সার্থক শর্মা বলেন, ‘‘আমাদের সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং ভুয়ো। বাম সংগঠন মানেই ভুয়ো খবর ছড়ানোর ওস্তাদ।’’

Advertisement

অন্য দিকে, আইসা জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে তারা আরও একটি অনুষ্ঠানের আয়োজন করছে। হাবিবের উপর এই আক্রমণের নিন্দা করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাছেন, লিখিত ভাবে কোনও অভিযোগ তাঁরা পাননি। হাবিব বলেন, ‘‘এ সবের পরেও লড়াই চালিয়ে যেতে হবে।’’ উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘সমতা দিবস’-এর অনুষ্ঠানে দুই বছর আগেও উপস্থিত ছিলেন হাবিব।

(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় লেখা হয়েছিল ‘নবতিপর ইতিহাসবিদ ইরফান হাবিব’ দিল্লি বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার হয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ঘটনা আসলে ৭২ বছর বয়সি সৈয়দ ইরফান হাবিবকে ঘিরে, যিনি বিজ্ঞানের ইতিহাস নিয়ে চর্চা করেন। মধ্যযুগের ভারতীয় ইতিহাসের বিশেষজ্ঞ ইরফান হাবিবের বয়স ৯৪ বছর। দুই শিক্ষাবিদের পরিচয় ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল প্রতিবেদনটিতে, তার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। বিষয়টি গোচরে আসার পরই আমরা আমাদের ত্রুটি সংশোধন করেছি)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement