রাজনীতি থেকে কি সন্ন্যাস নিতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর? সরাসরি না বললেও রবিবার পানাজির এক অনুষ্ঠানে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্রীকর এটাও জানান, কেন্দ্রীয় মন্ত্রী হলেও তিনি কিন্তু এখনও গোয়ার প্রতি খেয়াল রাখেন। রাজ্য যদি কোনও ভুল পথে পা বাড়ায় সঠিক পথে নিয়ে আসতে তিনি কখনও পিছু পা হবেন না।
সকলকে চমকে দিয়ে তিনি বলেন, “৬০ বছরের পর প্রত্যেকেরই অবসর নেওয়া উচিত। আগামী ১৩ ডিসেম্বর আমার ৬০ হবে। সে কারণেই দু-তিন বছর আগে থেকেই এই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ভাবছি। আমাকে এই চিন্তা-ভাবনাটা বজায় রাখতে হবে।”
২০১২ থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছিলেন তিনি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়া হয়। তবে পর্রীকর গোয়াবাসীদের আশ্বস্ত করেছেন, যত দিন তিনি পারবেন গোয়ার কোনও ক্ষতি হতে দেবেন না।