Narendra Modi

সরকারের প্রধান হিসাবে সবচেয়ে বেশি দিন কাজের রেকর্ড মোদীর! মুখ্যমন্ত্রিত্বপর্ব জুড়ে রবিবার স্পর্শ করলেন ৮,৯৩১ দিন

দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদী ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ১২ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। পরে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:৫৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

দেশের কোনও নির্বাচিত সরকার (কেন্দ্র এবং রাজ্য সরকার)-এর প্রধান হিসাবে সবচেয়ে বেশি দিন কাজ করার রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রিত্ব এবং তার আগের গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) ধরে সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দখলে।

Advertisement

২০১৪ সালের লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন মোদী। পরে ২০১৯ এবং ২০২৪ সালে গঠিত সরকারেরও প্রধানমন্ত্রী হন তিনিই। প্রধানমন্ত্রী হিসাবে ১১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদী ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ১২ বছরেরও বেশি সময় ধরে গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। পরে ২০১৪ সালের লোকসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হন।

এত দীর্ঘ সময় ধরে দেশের আর কোনও রাজনীতিক সরকারপ্রধান হিসাবে দায়িত্ব সামলাননি। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন ৮,৯৩০ দিন সেখানকার মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। ১৯৯৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এ বার সেই রেকর্ডকে ছাপিয়ে নতুন নজির গড়লেন মোদী।

Advertisement

এক আগে জওহরলাল নেহরু ১৯৪৭ সালের ১৫ অগস্ট থেকে ১৯৬৪ সালের মে মাস পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ১৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের সরকারপ্রধানের দায়িত্ব সামলেছেন। তাঁর কন্যা ইন্দিরা গান্ধীও দু’দফা মিলিয়ে ১৫ বছরের বেশি প্রধানমন্ত্রী ছিলেন। মোদীর পূর্বসূরি মনমোহন সিংহও টানা দু’বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও সরকারপ্রধান হিসাবে ১০ বছর কাজ করেছেন। পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছরের বাম আমলেও কোনও রাজনীতিক মোদীর মতো (মুখ্যমন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রিত্ব মিলিয়ে) এত দীর্ঘ সময় ধরে ক্ষমতা সামলাননি। ২৩ বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন জ্যোতি বসু। বুদ্ধদেব ভট্টাচার্যও রাজ্য সরকারের প্রধান ছিলেন ১০ বছরের বেশি সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement