Nirmala Sitharaman

আইনশৃঙ্খলা থেকে কাটমানি, তৃণমূলকে তুলোধোনা নির্মলার

এই বক্তৃতায় নির্মলার টানা কুড়ি মিনিট ধরে পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন। তৃণমূলের সাংসদদের হট্টগোলও তাঁকে থামাতে পারেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১
Share:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।

বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের কোনও উল্লেখই নেই— লোকসভায় বাজেট নিয়ে আলোচনা এবং সমাজমাধ্যমে এই মর্মে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদেরা। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজের জবাবে লোকসভায় দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। অভিযোগ তুললেন, বাংলায় বোমা চলে, আইন চলে না। সর্বত্র জিএসটি আদায় নিয়ে অভিষেকের অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলায় তৃণমূলের সিন্ডিকেট কাটমানি আদায় করে।

এই বক্তৃতায় নির্মলার টানা কুড়ি মিনিট ধরে পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন। তৃণমূলের সাংসদদের হট্টগোলও তাঁকে থামাতে পারেননি।

সংসদে অভিষেক অভিযোগ তুলেছিলেন, দেশে এখন মহিলাদের অস্তিত্ব সঙ্কটের মুখে। এর জবাব দিতে গিয়ে দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর গণধর্ষণের প্রসঙ্গে টেনে নির্মলা বলেন, ‘‘গতঅক্টোবরে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পড়তে যাওয়া এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও বলেছিলেন, মেয়েদের রাতে বাইরে বেরোনো উচিত নয়। আইনশৃঙ্খলার উন্নতি করবেন না, মেয়েদের দোষ দেবেন। এক সাংসদ বলেছেন, যদি বন্ধু ধর্ষণ করে, তা হলে কী করার আছে! ওঁরা অভিযোগ তুলছেন, মহিলা সুরক্ষায় বিধানসভায় আইন পাশের পরে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিচ্ছেন না। শুধু আইন দিয়ে কী হবে?’’

অর্থমন্ত্রীর আরও সংযোজন, ‘‘টালিগঞ্জে ২০২৪-এর জুনে বোমা বিস্ফোরণে এক বালিকার মৃত্যু হয়েছে। তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। মেদিনীপুরে বোমা বিস্ফোরণে তৃণমূলের নেতা গ্রেফতার হয়েছে। বাংলায় বোমা চলে। আইন চলে না।’’ তার পরেই তিনি যোগ করেন, ‘‘জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট বলছে, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার হারে পশ্চিমবঙ্গ ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫-তম স্থানে।’’

এ বারের বাজেটে কেন ‘পশ্চিমবঙ্গ’ শব্দটিও নেই, তা নিয়ে আজও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের কাছে রাজ্যের ১.৯৬ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও জবাব মেলেনি।’’ বাজেটে ঘোষিত ডানকুনি-সুরাত পূর্ব-পশ্চিম পণ্যবাহী করিডরও রেলমন্ত্রী মমতার আমলে ঘোষণা বলে দাবি কল্যাণের।

নির্মলা জবাবে বলেন, ‘‘তৃণমূল ইচ্ছাকৃত ভাবে মিথ্যে প্রচার করছে। পূর্ব উপকূল শিল্প করিডর তৈরি হবে দুর্গাপুরকে ‘অ্যাঙ্কর’ করে। বারাণসী থেকে শিলিগুড়ি হাইস্পিড রেল ঘোষণা হয়েছে। তার জন্য শিলিগুড়িতে ‘ট্রানজ়িট হাব’ হবে। চট শিল্পের পুনরুজ্জীবনের জন্য ‘ন্যাশনাল ফাইবার স্কিম ফর সেল্ফ রিলায়্যান্স ইন জুট’ ঘোষিত হয়েছে। তার সুফল হুগলির পাট চাষিরা পাবেন। চর্মশিল্পে রফতানির জন্য কাঁচামাল আমদানিতে সুরাহা দেওয়া হয়েছে।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের যে সকল শ্রমিক বিড়ি বানানোর জন্য জঙ্গল থেকে তেন্দু পাতা সংগ্রহ করেন, তাঁদের থেকে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।’’ এর সঙ্গে তিনটি কেমিক্যাল পার্ক, শহরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে পাঁচ বছরে প্রতি বছর ১ হাজার কোটি টাকা করে দেওয়ার কথাও তুলে ধরেন নির্মলা। তিনি বলেন, ‘‘পূর্ব ভারতেনতুন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজ়াইন তৈরি হবে। পশ্চিমবঙ্গ তার দাবি করতে পারে।’’ এর পরেই নির্মলা-কটাক্ষ, ‘‘কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করে রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। আর বকুনি খাবে।’’

অভিষেককে জবাব দিতে গিয়ে নির্মলা আরও বলেন, ‘‘অভিষেক আকর্ষণীয় ভঙ্গিতে জন্ম থেকে মৃত্যু, দুধ থেকে স্কুলের বই, স্বাস্থ্য পরিষেবা থেকে মৃত্যুর পরে আগরবাতিতে জিএসটি বসানো নিয়ে বলে সংসদকে বোকা বানানোর চেষ্টা করেছেন। এ সব কোনও ক্ষেত্রেই জিএসটি আদায় করা হয় না।’’

তৃণমূলের সাংসদরা হইচই শুরু করায় বিজেপির গিরিরাজ সিংহের খোঁচা, ‘‘তৃণমূল বোধহয় কাটমানির কথা বলছে।’’ নির্মলারও তির্যক মন্তব্য, ‘‘আমারও মনে হচ্ছে, তৃণমূলের সিন্ডিকেট বাংলায় সব জায়গায় কাটমানি আদায় করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, জিএসটি আদায় হচ্ছে।’’

জবাবে এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘আশা করেছিলাম যে, গত সন্ধ্যায় লোকসভায় যে তথ্য উপস্থাপন করেছি, তার জবাব দেওয়ার আগে অর্থমন্ত্রী সেগুলি খতিয়ে দেখার জন্য কিছুটা সময় নেবেন। কিন্তু হয়তো সেই অধ্যবসায় ও বৌদ্ধিক সম্পৃক্ততা প্রত্যাশা করাই অতিরিক্ত চাওয়া’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন