Operation Sindoor

‘সন্ত্রাসের কোনও ডেরাই নিরাপদ নয়’, ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তিতে সেনার বার্তা পাকিস্তানকে! মোদী কী বললেন?

ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বৃহস্পতিবার পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, “অপারেশন সিঁদুরের সমাপ্তি হয়নি। শুধু সূচনা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২২:৫৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অপারেশন সিঁদুরের প্রথম বর্ষপূর্তিতে ইসলামাবাদকে কড়া বার্তা দিল ভারতীয় সেনা। সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ এবং বায়ুসেনা) তরফে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল বা এলওসি) ওপারে কোনও সন্ত্রাসবাদী ডেরাই নিরাপদ নয়। ভারত তার পছন্দমতো সময় ও পদ্ধতিতে সন্ত্রাসের প্রতিটি পরিকাঠামোকে নিশানা করবে।’’

Advertisement

ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বৃহস্পতিবার পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, “অপারেশন সিঁদুরের সমাপ্তি হয়নি। শুধু সূচনা হয়েছে।’’ প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যতায় ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের আবহ তৈরি হয়। হামলার জবাবে গত বছরের ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাক ভূখণ্ডে জঙ্গিদের একের পর এক ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। শতাধিক জঙ্গির মৃত্যু হয় সেই হামলায়।

সেই অভিযানের পরই পাকিস্তান পাল্টা হামলার পথে নামে। ভারতকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের বাহিনীর হামলা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চার দিন সামরিক সংঘাত চলার পর ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সিঁদুর অভিযানের প্রথম বর্ষপূর্তি স্মরণ করে প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘পহলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ করার দুঃসাহস যারা দেখিয়েছিল, সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। ‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করে। সন্ত্রাসের ইকোসিস্টেম ধ্বংস করতে ভারত তার দৃঢ়প্রতিজ্ঞ।’’ ভারতীয় সশস্ত্র বাহিনী এবং অপারেশন সিঁদুর-এ তাদের সাফল্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নাগরিকদের সমাজমাধ্যমে তাঁদের ‘ডিসপ্লে পিকচার’ হিসেবে তাঁর শেয়ার করা ছবিটি ব্যবহার করার অনুরোধ জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement