Death At Mumbai Concert

মুম্বইয়ে অনুষ্ঠান দেখতে গিয়ে মৃত যুবক! অসুস্থ হয়ে হাসপাতালে বান্ধবী, অতিরিক্ত মাদক সেবনই কারণ?

অনুষ্ঠানস্থলে ছিল চারটি মদের দোকান। সেগুলির অনুমতি দিয়েছিল শুল্ক বিভাগই। সেই লাইসেন্স দেওয়া নিয়েই প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৮:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুম্বইয়ের এক অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হল এক যুবকের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তাঁর বান্ধবী। অভিযোগ, শনিবার রাতে ওরলির ‘ক্লাঙ্গকুয়েনস্টলার অল নাইট লং’ অনুষ্ঠানে অতিরিক্ত মাদক সেবনের কারণে এই কাণ্ড হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আতসকাচের নীচে উদ্যোক্তাদের ভূমিকাও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বৃষভ গাঙ্গুর্দে। তাঁর বয়স ২৮ বছর। তাঁর বাড়ি মাহিমে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তরুণ-তরুণী। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় বৃষভের। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মহিলাকে যশলোক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। তরুণী পুলিশকে দেওয়া বয়ানে দাবি করেছেন, শুধু মদ এবং এনার্জি ড্রিঙ্ক পান করেছিলেন।

মাদক সেবনের বিষয়টি আপাতত উড়িয়ে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, সেই নিয়ে যেহেতু এখনও কোনও প্রমাণ মেলেনি, তাই তা নিয়ে মন্তব্য করছে না পুলিশ। অনুষ্ঠানস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বৃষভের মৃত্যু নিয়ে তদন্ত করছে তারা। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক মৃত্যুর কারণ। তবে ময়নাতদন্তের পরে বিষয়টি স্পষ্ট হবে।

Advertisement

গত এপ্রিলে গোরেগাঁওয়ের এক অনুষ্ঠানে দুই এমবিএ পড়ুয়ার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত মাদক সেবনের কারণে তাঁদের মৃত্যু হয়। ওই ঘটনার পরে ওরলিতে অনুষ্ঠানের অনুমতি প্রথমে পুলিশ দিতে চায়নি বলে খবর। নিরাপত্তা, ভিড় সামলানো নিয়েও আপত্তি তুলেছিল বলে জানা গিয়েছে। যদিও পরে পুলিশ ছাড়পত্র দেয়। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত চলেছিল অনুষ্ঠান। টিকিটের দাম ছিল ৪০০০ টাকা। জানা গিয়েছে, অনুষ্ঠানস্থলে ছিল চারটি মদের দোকান। সেগুলির অনুমতি দিয়েছিল শুল্ক বিভাগই। সেই লাইসেন্স দেওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উদ্যোক্তা-সহ আট জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement