India Pakistan Tension

নৌসেনার পরে এ বার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর! উদ্ভূত উত্তেজনার মাঝে দিল্লিতে ঘন ঘন আলোচনা

শনিবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গেও একটি বৈঠকে বসেন মোদী। পহেলগাঁও কাণ্ড-পরবর্তী পরিস্থিতিতে গত কয়েক দিনে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৩:৩৭
Share:

(বাঁ দিকে) বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংহের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার সকালে ওই বৈঠক হয়েছে। তবে কোথায় সেই বৈঠক হচ্ছে, বৈঠকে কী নিয়ে আলোচনা চলছে তা এখনও স্পষ্ট নয়। রবিবার সন্ধ্যায় ‘খেলো ইন্ডিয়া’-র উদ্বোধন সংক্রান্ত একটি পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এরই মধ্যে এএনআই সূত্রে জানা যায়, বায়ুসেনা প্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী ভারত-পাক উত্তেজনার মাঝে গত কয়েক দিনে এমন বেশ কিছু বৈঠক হয়েছে।

Advertisement

শনিবারই নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেছেন মোদী। ঘটনাচক্রে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরের দিন সকালেই বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে বসলেন মোদী। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে শনিবার একটি বৈঠক করেছেন তিনি। গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, পহেলগাঁওয়ের জঙ্গিহানায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের পর গত কয়েক দিন ধরে নয়াদিল্লিতেও একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবারও সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করেছেন মোদী। বৈঠকগুলিতে কী বিষয় আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি।

যদিও একটি সূত্রে খবর, গত মঙ্গলবার সেনাকর্তাদের নিয়ে ওই বৈঠকে সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে নিজের কড়া মনোভাব ব্যক্ত করেছেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথাও মোদী বলেছেন বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement