PM Modi meets Japanese PM Sanae Takaichi

‘আমার ছোট বোন’! জাপানের প্রধানমন্ত্রীকে দিল্লিতে অভ্যর্থনা মোদীর, শুনে কী জবাব দিলেন তাকাইচি? ভারতকেও বার্তা

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে গত বছরই শপথ নেন তাকাইচি। এটি তাঁর প্রথম ভারত সফর। ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দিতে বুধবার দিল্লি এসেছেন তাকাইচি। থাকবেন শুক্রবার পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২১:৫৮
Share:

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে গত বছরই শপথ নেন তাকাইচি। এটিই তাঁর প্রথম ভারত সফর। ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দিতে বুধবার দিল্লিতে এসেছেন তাকাইচি। থাকবেন শুক্রবার পর্যন্ত।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর হায়দরাবাদ হাউসে বৈঠক করেছেন মোদী এবং তাকাইচি। তার পর যৌথ ভাবে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন মোদী। জানান, তিনি অত্যন্ত জনপ্রিয় এবং দূরদর্শী নেত্রী। তাঁর হিন্দি বক্তব্য অনুবাদক যন্ত্রের মাধ্যমে শুনছিলেন তাকাইচি। ‘ছোট বোন’ মন্তব্যের প্রত্যুত্তরে হেসে সৌজন্য বিনিময় করেন তিনি। মোদী বলেন, ‘‘আমার ছোট বোন প্রধানমন্ত্রী তাকাইচি, দুই দেশের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের সদস্যদের নমস্কার, কোন্নিচিওয়া (জাপানি শব্দ, কাউকে সম্ভাষণ করার জন্য ব্যবহার করা হয়)! প্রধানমন্ত্রী তাকাইচিকে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত। তিনি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় এবং দূরদর্শী নেত্রী। তিনি জাপানের নারা প্রিফেকচারের বাসিন্দা, যা ভারত ও জাপানের যৌথ বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র।’’ বক্তব্যের শেষে হিন্দির পাশাপাশি জাপানি শব্দ ব্যবহার করেও ধন্যবাদ জানিয়েছেন মোদী।

দিল্লিতে ভাষণ দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: পিটিআই।

তাকাইচি নিজের ভাষণের সময় মোদীর ‘ছোট বোন’ মন্তব্যের জবাব দিয়েছেন। বলেছেন, ‘‘এর আগের ছোট বৈঠক এবং এই বড় বৈঠক— দু’টিতেই ভাই-বোনের মতো এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। এ দেশে আমার প্রথম সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’’ ভারত এবং জাপানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়েও সম্মত হয়েছেন তাকাইচি। মোদী জানান, এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গঠনের ৭৫তম বার্ষিকী পালিত হবে আগামী বছর। সেই উপলক্ষে সংস্কৃতি, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে ভারত, জাপান।

Advertisement

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকাইচিকে কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে অভ্যর্থনা জানানো হয়। মোদীও সেখানে উপস্থিত ছিলেন। ভারত সফরের ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে দুই দেশের নিবিড় যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন তাকাইচি। উল্লেখ্য, ভারত ও জাপানের মধ্যে বার্ষিক সম্মেলন আয়োজন শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। গত বছরের অগস্টে ১৫ তম সম্মেলনে যোগ দিতে মোদী টোকিয়োয় গিয়েছিলেন। এ বার জাপানের প্রধানমন্ত্রী ভারতে এলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement