RG Kar Rape and Murder Case

ফরেনসিকের তিন আধিকারিক ভিসেরা নমুনাই বদলে দেন! চিঠি আরজি করের নির্যাতিতার বাবাকে, কোর্টের দ্বারস্থ পরিবার

চিঠিপ্রেরকের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবাকে লেখা চিঠিতে প্রেরক নিজেকে বেলগাছিয়া ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে উল্লেখ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৬:৩৫
Share:

শিয়ালদহ আদালতের দ্বারস্থ আরজি করের নির্যাতিতার পরিবার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি করের নির্যাতিতার ভিসেরা পরীক্ষার সময় সেই নমুনায় অদলবদল ঘটানোর অভিযোগ উঠল। নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে একটি চিঠি এসেছে। অভিযোগ, বেলগাছিয়ায় অবস্থিত রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নির্যাতিতার ভিসেরা নমুনা অদলবদল করা হয়েছে। ওই ল্যাবরেটরির তিন আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে চিঠিতে। চিঠি নিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।

Advertisement

চিঠিপ্রেরকের নাম-পরিচয় নির্যাতিতার পরিবার প্রকাশ্যে আনেনি। নির্যাতিতার বাবাকে লেখা চিঠিতে প্রেরক নিজেকে বেলগাছিয়া ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘‘ফরেনসিক বিশ্লেষণের জন্য আপনার কন্যার যে ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছিল, তা সিবিআই এবং কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর আগে বেলগাছিয়ায় রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে অদলবদল করা হয়েছে। এই কাজ করা হয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের নির্দেশে।’’

বেলগাছিয়ার ল্যাবের যে তিন আধিকারিকের বিরুদ্ধে ভিসেরা নমুনা অদলবদল করার অভিযোগ, তাঁদের নামও চিঠিতে জানিয়েছেন প্রেরক। তবে সংবাদমাধ্যমে তা প্রকাশ করা হয়নি। চিঠিতে আরও দাবি, তৃণমূল জমানায় বিজেপি বা সিপিএম কর্মীদের এমন শ’য়ে শ’য়ে ভিসেরা নমুনা অদলবদল করেছেন ওই আধিকারিকেরা। তা ছাড়া, ফরেনসিক পরীক্ষায় ব্যবহার করা হত নিম্নমানের সামগ্রী। ওই আধিকারিকদের অবিলম্বে বিচারের আওতায় আনার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন প্রেরক।

Advertisement

নির্যাতিতার পরিবার বৃহস্পতিবার চিঠিটি নিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়। তাঁরা জানিয়েছেন, একই চিঠি পর পর দু’বার তাঁরা পেয়েছেন। প্রথম বার ওই চিঠি পাঠানো হয় ১৬ মে। তার পর তা আবার পাঠানো হয় ২৩ মে। আদালতে চিঠির সত্যতা যাচাই এবং বয়ানের ভিত্তিতে তদন্তের আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার বাবার কথায়, ‘‘মে মাসে আমরা একটা চিঠি পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে সিবিআই-কে জানিয়েছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। সাত দিন পরে একই চিঠি আবার আসে। তাতে লেখা আছে, ভিসেরা রিপোর্ট বিকৃত করা হয়েছে। কারা করেছে, কার নির্দেশে করা হয়েছে, সব লেখা আছে। সিবিআই-কে জানিয়েছি। এখন আমরা আদালতে এসেছি। নিশ্চয়ই সিবিআই প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’ সরকার পরিবর্তনের পরেও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম কী ভাবে স্বপদে বহাল আছেন, প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement