রাঘব চড্ঢা। —ফাইল চিত্র।
রাজ্যসভার সহকারী দলনেতা (ডেপুটি লিডার) পদ থেকে তরুণ প্রজন্মের নেতা রাঘব চড্ঢাকে সরিয়ে দিল আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরীওয়ালের দল রাজ্যসভার সচিবালয়কে চিঠি পাঠিয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে।
রাজ্যসভার সচিবালয়কে পাঠানো চিঠিতে কেজরীর দল আরও জানিয়েছে, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সুযোগ দেওয়া হবে না চড্ঢাকে। যদিও সংসদীয় বিধি অনুযায়ী অধিবেশন চলাকালীন এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যসভার চেয়ারম্যানের। গত দু’বছর ধরেই আপের কর্মসূচিতে নিয়ম করে গরহাজির থাকতেন চড্ঢা। গত বছর দিল্লি বিধানসভার ভোটের প্রচারেও তাঁকে দেখা যায়নি। এমনকি আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান কেজরীওয়াল মুক্তি পাওয়ার পরেও তাঁর সঙ্গে দেখা করেননি চড্ঢা। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে সেই জল্পনা আরও জোরালো হল।
দলীয় কর্মসূচিতে শামিল না হলেও রাজ্যসভার অধিবেশনে এবং সমাজমাধ্যমে বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গিয়েছে চড্ঢাকে। যদিও আপের রাজ্যসভার নেতা সঞ্জয় সিংহের সঙ্গে তাঁর সমন্বয়ের অভাব অনেক সময়েই নজরে এসেছে। সাম্প্রতিক সময়ে গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন চড্ঢা। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে ঠিক যে যে ইস্যুতে গত কয়েক মাসে চড্ঢা সরব হয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও সেই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করেছে বলে বিরোধী শিবিরের একাংশের দাবি। চড্ঢাকে বছর কয়েক আগে তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বিনোদন জগতেও পা রাখতে দেখা গিয়েছে। মডেল হিসাবে ইতিমধ্যেই ফ্যাশন র্যাম্পে অভিষেক হয়েছে তাঁর। এ বার কি নতুন দলে অভিষেকের পালা?